গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ এক আলোচনাসভায় নতুন হেয়ারস্টাইল নিয়ে প্রশ্ন উঠতেই অভিষেক জানান, তিনি বর্তমানে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। তবে চরিত্র বা কাহিনি নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করেননি। তাঁর এই স্বীকারোক্তির পরই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে।

শেষ আপডেট: 16 February 2026 13:53
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan) গত একবছর ধরেই চর্চায়, কারণ তাঁর আগামী ছবি কিং (King)। এই অ্যাকশন-থ্রিলারে এবার নিজের উপস্থিতি নিশ্চিত করলেন খোদ অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। শুধু তাই নয়, তাঁর সাম্প্রতিক লুক পরিবর্তনও যে এই ছবির জন্য, তা নিজেই জানিয়েছেন অভিনেতা।
গ্লোবাল বিজনেস সামিট ২০২৬-এ এক আলোচনাসভায় নতুন হেয়ারস্টাইল নিয়ে প্রশ্ন উঠতেই অভিষেক জানান, তিনি বর্তমানে ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত। তবে চরিত্র বা কাহিনি নিয়ে আর কোনও তথ্য প্রকাশ করেননি। তাঁর এই স্বীকারোক্তির পরই সোশ্যাল মিডিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। অনুরাগীদের একাংশ শাহরুখ-অভিষেক জুটিকে আবারও পর্দায় দেখতে উৎসুক, আবার কেউ কেউ চাইছেন তাঁকে এক নির্মম ভিলেনের চরিত্রে দেখতে।
এর আগে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)-ও এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন, স্পষ্ট করেছিলেন জুনিয়ার বচ্চন থাকতে চলেছেন কিং ছবিতে। এক ভক্তের পোস্টে উত্তর দিতে গিয়ে তিনি শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন— ‘সময় এসে গিয়েছে’।
কিং ছবি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। মুখ্য ভূমিকায় শাহরুখের পাশাপাশি থাকছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অর্জুন ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। প্রযোজনার দায়িত্বে রয়েছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment)। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন সুহানা।
উল্লেখ্য, সিদ্ধার্থ ও শাহরুখ এর আগে একসঙ্গে কাজ করেছিলেন ‘পাঠান’ (Pathaan)-এ, যা বক্স অফিসে ব্যপক সাড়া ফেলেছিল। ২০২৫ সাল থেকেই ছবির শুটিং শুরু হয়েছে। একাধিক সিক্যোয়েলের কাজ ইতিমধ্যেই শেষ। এক অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে শাহরুখ খান ২০২৫-এর শেষের দিকে চোটও পেয়েছিলেন। তার জন্যে বেশ কিছুদিন শুটিং ছিল স্থগিত। তবে বর্তমানে কাজ চলছে পুরো দমে। ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে।
শাহরুখ নিজেই জানিয়ে ছিলেন, ছবিতে তাঁর চরিত্রটি একেবারেই ভিন্ন মেজাজের— ডার্ক ও জটিল। গল্পের স্বার্থেই নানা ধরনের চরিত্রে অভিনয় করতে প্রস্তুত তিনি। পাশাপাশি এও বলেন, এখন ছবি বানানো কঠিন হয়ে উঠেছে, তাই বেছে বেছে কাজ করছেন, যাতে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেন।