‘‘আমি কখনওই বাবা হতে চাই না’’— অকপট অভয় দেওল জানালেন নিজের জীবনদর্শন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এই খোলাখুলি স্বীকারোক্তি।

অভয় দেওল
শেষ আপডেট: 9 September 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: ধর্মেন্দ্রর ছোট ছেলে অভয় দেওল বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। মূল ধারার ছবির বাইরে গিয়ে তিনি সবসময় চেষ্টা করেছেন অভিনয়ে নতুন কিছু করার। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা মুখ খোলেন না অভয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন এক মন্তব্য করেছেন, যা শুনে চমকে গিয়েছেন অনেকেই।
অভয়ের স্পষ্ট বক্তব্য তিনি বাবা হতে চান না। অভিনেতার কথায়, ‘‘হয়তো আমার এই সিদ্ধান্ত অনেকের কাছে অদ্ভুত শোনাবে, কিন্তু আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। বাবা-মা হওয়া মানে বিশাল দায়িত্ব নেওয়া। সন্তানকে বড় করে তোলা, তার শিক্ষার ব্যবস্থা করা, জীবনের প্রতিটি ক্ষেত্রে পাশে দাঁড়ানো, এগুলো সহজ নয়।’’
তিনি আরও যোগ করেন, ‘‘যদি কোনও দিন সন্তান নেওয়ার ইচ্ছা জাগে, আমি দত্তক নেব। কারণ এই পৃথিবীর বর্তমান পরিস্থিতি আমার কাছে একেবারেই আশাব্যঞ্জক নয়। আমি চাই না জেনেশুনে নতুন প্রাণকে এমন পরিস্থিতিতে নিয়ে আসতে। আর পিতা হলে হয়তো আমি অতিরিক্ত পজেসিভ হয়ে পড়ব, যা সন্তানের জন্য ভাল হবে না।’’
অভয়ের এই মন্তব্য সামনে আসতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সমর্থন করেছেন তাঁর সিদ্ধান্তকে। কারও কারও মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সন্তান জন্ম না দেওয়াটাই সবচেয়ে যুক্তিসঙ্গত পদক্ষেপ।
এমন অকপট মন্তব্যে আবারও প্রমাণ হলো, অভয় দেওল বরাবরই আলাদা মানসিকতার অভিনেতা। সমাজের বাঁধাধরা নিয়মকে চ্যালেঞ্জ করতে তিনি পিছপা নন। নিজের পথে চলতে ভালোবাসেন বলেই হয়তো তিনি এতটা ব্যতিক্রমী।
অভয়কে সর্বশেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ট্রায়াল বাই ফায়ার-এ। সেখানে তিনি শেখর কৃষ্ণমূর্তি চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ১৯৯৭ সালের উপহার সিনেমা হল অগ্নিকাণ্ডে সন্তান হারানোর পর ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি সেই সিরিজে অভয়ের অভিনয় দর্শক-সমালোচকদের কাছেই তাঁর কেরিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে ধরা হয়েছে।