আমির খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, ভাগ্নে ইমরান ফাঁস করলেন তথ্য

ইমরান খান ও আমির খান
শেষ আপডেট: 30 December 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বলিউডের শীর্ষ তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত দু’বছর ধরে খুনের হুমকির ছায়ায় রয়েছেন সলমন খান। ২০২৫ সালের শুরুতেই নিজের বাসভবনে আততায়ী হামলার মুখে পড়েন সইফ আলি খান। চলতি বছর মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে শাহরুখ খানের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সেই তালিকায় এবার যুক্ত হল খান পরিবারের আরেক নাম আমির খান।
যদিও ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে বছরশেষে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তাঁর ভাগ্নে ও অভিনেতা ইমরান খান। এক সাক্ষাৎকারে তিনি আমির খানের দীর্ঘদিনের প্রাণভয়ের নেপথ্য কারণের কথা প্রকাশ করেন, যা ঘিরে ইতিমধ্যেই সিনেদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখযোগ্যভাবে, গত এক বছর ধরে আমির খানের কেরিয়ারও বেশ চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৫ সালে একটি সাক্ষাৎকারে তৎকালীন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বসে তিনি দেশে বাড়তে থাকা অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন। ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরোধিতা করায় সেই সময়ে প্রবল বিতর্কে জড়িয়ে পড়েন খান দম্পতি। ‘দেশদ্রোহী’ তকমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, সবকিছুর মুখোমুখি হতে হয় তাঁদের। এরপর থেকেই যেন আমিরের বক্স অফিস যাত্রায় ছেদ পড়ে। বয়কটের জেরে মুখ থুবড়ে পড়ে ‘লাল সিং চাড্ডা’।
এই সময়েই আমির খানের জনপ্রিয় টিভি শো ‘সত্যমেব জয়তে’ ঘিরেও বাড়তে থাকে বিতর্ক। অনুষ্ঠান সঞ্চালনার সময় একের পর এক সংবেদনশীল সামাজিক ইস্যু তুলে ধরেছিলেন তিনি। কন্যাভ্রূণ হত্যা, শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ, পুরুষতন্ত্রের আগ্রাসন, সমাজের অস্পৃশ্যতা ও বৈষম্যের মতো বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলায় অনেকের বিরাগভাজন হন আমির। সেই পর্বেই তাঁকে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন ইমরান খান।
‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে আমিরের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ইমরান। যদিও অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি তিনি, উল্টে ‘নেপোকিড’ তকমাও জোটে তাঁর কপালে। তবু মামার প্রতি শ্রদ্ধা ও ঘনিষ্ঠতার জায়গা থেকে ইমরান জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি আমিরকে সততার সঙ্গে কাজ করতে দেখেছেন। তাঁর কথায়, সমাজের অস্বস্তিকর সত্য সামনে আনাই কাল হয়ে দাঁড়ায় আমিরের জন্য।
ইমরান আরও বলেন, আমির বরাবরই বিতর্ক এড়িয়ে চলতে চান। কিন্তু তবুও কিছু মানুষ দীর্ঘদিন ধরে তাঁকে দেশছাড়া করার মানসিকতা নিয়ে উঠে পড়ে লেগেছে। যদিও যারা হুমকি দিচ্ছিল তারা কারা, সে বিষয়ে কোনও নাম বা পরিচয় প্রকাশ করেননি তিনি।