গৌরী স্প্র্যাটের হাতে ১০০০ ঘণ্টায় তৈরি অ্যাকোয়ামেরিন হিরের আংটি ঘিরে জোর জল্পনা। গোপনেই কি বাগদান সারলেন আমির খান?

আমির খান, গৌরী স্প্র্যাট
শেষ আপডেট: 24 March 2026 16:59
দ্য ওয়াল ব্যুরো: ‘মিস্টার পারফেকশনিস্ট’ যে অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন, সেই খবর ২০২৫ সালেই সামনে এসেছিল। তারপর থেকেই আমির খান (Aamir Khan) ও গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সম্পর্ক বলিউডে ‘টক অফ দ্য টাউন’। সেলেব পাড়ার হাইপ্রোফাইল অনুষ্ঠান থেকে পার্টি-প্রিমিয়ার, একাধিক জায়গায় যুগলের নজরকাড়া উপস্থিতি বারবার শিরোনামে জায়গা করে নিয়েছে। তবে এবার বলিউডে ঘুরছে আরও জোরালো গুঞ্জন—গোপনেই নাকি ‘আমিরি স্টাইলে’ বাগদান সেরে ফেলেছেন সুপারস্টার! আর সেই জল্পনার কেন্দ্রবিন্দু গৌরীর হাতের একটি আংটি।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন আমির ও গৌরী। পাপারাজ্জিদের সামনে প্রেমিকার হাত ধরে পোজ দিচ্ছিলেন আমির খান। কিন্তু সেদিন ক্যামেরার ফোকাস ছিল অভিনেতার উপর নয়, বরং গৌরীর হাতে ঝলমলে একটি বিশাল আকৃতির হিরের আংটির উপর। সেই আংটি দেখেই শুরু হয়েছে জোর চর্চা—এ কি শুধুই উপহার, নাকি বাগদানের ইঙ্গিত?
ফ্যাশন দুনিয়ার দাবি, গৌরীর হাতে দেখা এই বিশেষ আংটিটি ‘অ্যাকোয়ামেরিন’ নামে পরিচিত। ব্রাজিলের হিরে ও নীলাসহ বিশ্বের একাধিক বিরল রত্ন দিয়ে তৈরি হয়েছে এই অনন্য গয়না। প্রেমিকার জন্য বিশেষ অর্ডার দিয়েই আংটিটি তৈরি করিয়েছেন আমির খান। শুধু দামি গয়না নয়, এর পিছনের কারিগরিও চমকে দেওয়ার মতো—এই অ্যাকোয়ামেরিন আংটি তৈরি করতে কারিগরদের লেগেছে ১,০০০ ঘণ্টারও বেশি সময়।
খবর অনুযায়ী, এই বহুমূল্য আংটির প্রস্তুতকারক ‘ক্যুইন’ নামের একটি সংস্থা। তবে সাধারণ ক্রেতারা এখনই এই আংটি কিনতে পারবেন না। আগামী মে মাসে বাজারে লঞ্চ করা হবে এই বিশেষ সংস্করণের গয়না। কানাঘুষো শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারক সংস্থায় বিনিয়োগও করেছেন আমির খান। আর সেই কারণেই বাজারে আসার আগেই সংস্থার প্রথম ক্রেতা হিসেবে এই দুর্মূল্য আংটি কিনে গৌরী স্প্র্যাটকে উপহার দিয়েছেন তিনি।
জানা গেছে, প্রেমিকার জন্য বিশেষ অর্ডার দিয়ে তৈরি করানো এই আংটির দাম কয়েক কোটি টাকা। আর এই খবর ছড়িয়ে পড়তেই বলিউডে জল্পনা তুঙ্গে—তাহলে কি সত্যিই গোপনে তৃতীয়বারের জন্য বাগদান সেরে ফেলেছেন ষাটোর্ধ্ব সুপারস্টার? যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু সেলেব মহলে ফিসফাস থামার নাম নেই।