একটি নয়, দু'টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনাইদ খান। তৃতীয় ছবির কাজও চলছে। তবু এখনও পর্যন্ত নিজের গাড়ি কেনেননি আমির খানের পুত্র।

আমির খান ও জুনাইদ খান
শেষ আপডেট: 3 July 2025 11:49
দ্য ওয়াল ব্যুরো: একটি নয়, দু'টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনাইদ খান। তৃতীয় ছবির কাজও চলছে। তবু এখনও পর্যন্ত নিজের গাড়ি কেনেননি আমির খানের পুত্র। কেনার ইচ্ছেও নেই তাঁর। বাবার দেওয়া উপহারের প্রস্তাবও নাকচ করে দিয়েছেন তিনি।
সম্প্রতি ‘দ্য নিউ ইন্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান বলেন, “আমি ওকে বহুবার বলেছি—আমার একটা গাড়িই নিয়ে নে। ও বলে, ‘না বাবা, দরকার নেই। আমি ওলা বুক করি।’ একবার কেরলে ছিল, বন্ধুদের বিয়েতে যেতে হচ্ছিল বেঙ্গালুরু। জিজ্ঞেস করলাম, কোন ফ্লাইটে যাচ্ছিস? উত্তর দিল—স্টেট ট্রান্সপোর্ট বাসে যাচ্ছি। রাতের বাস। ওর একটা নিজস্ব জগৎ আছে। ও জিনিসপত্র বা বিলাসবহুল জীবনের প্রতি আগ্রহী নয়।”
আসলে ছোট থেকেই ‘সরল জীবন’-এর মূল্যবোধে বেড়ে উঠেছে জুনাইদ। আমির বলেন, “আমি, রীনা (দত্ত) আর কিরণ (রাও)—আমরা কেউই কোনওদিন বস্তুবাদী ছিলাম না। আমাদের সন্তানদেরও সেই ভাবনাতেই বড় করা হয়েছে। ওরা খুব সংবেদনশীল। কোভিডের সময় রীনার বাবা-মা একসঙ্গে আক্রান্ত হয়েছিলেন। জুনাইদ সঙ্গে সঙ্গে গিয়ে তাঁদের সঙ্গে থাকতে চায়। তখন কোনও সাহায্যকারী ছিল না। একা দু’সপ্তাহ তাঁদের দেখাশোনা করেছে। আমি খুব গর্বিত।”
মুম্বইয়ের রাস্তায় প্রায়ই তাঁকে অটো রিকশায় উঠতে-নামতে দেখা যায়। ‘মহারাজ’ ছবিতে জুনাইদের সহ-অভিনেতা জয়দীপ অহলাওয়াত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একবার যশরাজ স্টুডিয়োয় অটো করে পৌঁছেছিলেন জুনাইদ। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে ভিতরে ঢুকতে দেননি। কারণ, তাঁরা বুঝতেই পারেননি যে তিনিই স্টুডিয়োরই এক ছবির মুখ্য অভিনেতা।
এই প্রসঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে জুনাইদ নিজে বলেন, “বাবা সবকিছুকে বড় করে তোলে। আমি শুধু সবচেয়ে কার্যকর উপায়ে চলাফেরা করি। মুম্বইতে রিকশা নিয়ে চলাফেরা করা অনেক সহজ, পার্কিং নিয়েও ভাবতে হয় না।”