“হাতজোড় করে ক্ষমা চাইছি... মিথ্যে বলেছিলাম।” এত বছর পরে নিজের ভুল স্বীকার করে সংবাদমাধ্যমের সামনে নিঃসংকোচে ক্ষমা চাইলেন আমির খান।

আমির খান
শেষ আপডেট: 30 July 2025 14:06
দ্য ওয়াল ব্যুরো: “হাতজোড় করে ক্ষমা চাইছি... মিথ্যে বলেছিলাম।” এত বছর পরে নিজের ভুল স্বীকার করে সংবাদমাধ্যমের সামনে নিঃসংকোচে ক্ষমা চাইলেন আমির খান। তাঁর সাম্প্রতিক হিট ছবি 'সিতারে জমিন পর' অবশেষে মুক্তি পেয়েছে ইউটিউবে। কিন্তু ছবি মুক্তির সময় তিনি নিজেই জানিয়েছিলেন, এটি কখনও অনলাইন আসবে না। সেই মিথ্যে কথার পেছনের কারণ জানিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউডের ‘পারফেকশনিস্ট’।
সংবাদমাধ্যমকে আমির বলেন, “অনেকেই যখন জানতে চাইছিলেন ছবিটি ইউটিউবে আসবে কি না, তখন আমি না বলেছিলাম। কিন্তু আসলে আমি মিথ্যে বলেছিলাম। কারণ, তখন থিয়েটার ব্যবসাটা বাঁচানো ছিল খুব দরকার। আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম, সিনেমা হল আমার হৃদয়ের খুব কাছের জায়গা।”
তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম এই পরীক্ষাটা (থিয়েটার রিলিজ) যেন সফল হয়। তাই তখন যারা এই প্রশ্ন করেছিল, তাদের আমি বিভ্রান্ত করেছি। আমার স্বপ্ন যাতে না ভেঙে যায়, সেই কারণেই ওই সময় আমাকে মিথ্যে বলতে হয়েছিল।”
'সিতারে জমিন পর' মূলত ২০০৭ সালে মুক্তি পাওয়া 'তারে জমিন পর' ছবির সিক্যুয়েল। নতুন ছবিতে অভিনয় করেছেন আমির খান ও জেনেলিয়া ডি'সুজা। বক্স অফিসে ছবিটি দারুণ সাড়া ফেলেছে, প্রশংসাও কুড়িয়েছে দর্শক-সমালোচকদের।
এদিকে প্রযোজক হিসেবেও এখন ব্যস্ত আমির খান। তাঁর পরবর্তী প্রযোজনা '১৯৪৭ লাহোর', যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন সানি দেওল ও প্রীতি জিন্টা। পাশাপাশি, তাঁর ছেলে জুনায়েদ খানের প্রযোজনাতেও নতুন ছবি তৈরি হচ্ছে, যেখানে অভিনয় করছেন জুনায়েদ ও সাই পল্লবী।