এই ছবির জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই প্রতিশ্রুতির কাজ চলার সময় পাশে থাকার জন্যই রেকর্ডিংয়ে হাজির ছিলেন আমির খান।

শেষ আপডেট: 5 February 2026 12:11
দ্য ওয়াল ব্যুরো: জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়িতে হঠাৎ আমির খানের হাজির হওয়াকে ঘিরে মুহূর্তেই তৈরি হয় তীব্র জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি ও খবর দেখে অনেকেই অবাক হয়ে যান। কারণ তার কিছুদিন আগেই প্লেব্যাক সিঙ্গিং থেকে সাময়িক বিরতির কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ। ফলে আমিরের এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ও জল্পনা শুরু হয়।
কারও-কারও ধারণা ছিল, অরিজিৎ সিং-এর সিদ্ধান্ত বদল করাতেই নাকি জিয়াগঞ্জে আসেন বলিউড-তারকা। আবার অনেকে ভেবেছিলেন, আমির খানের আসন্ন কোনও ছবির জন্যই হয়তো এই সাক্ষাৎ। শুরুতে সফরের উদ্দেশ্য স্পষ্ট না হলেও, জিয়াগঞ্জে কাটানো সময় যে আমির খান দারুণ উপভোগ করেছিলেন, তা তাঁর হাসিখুশি মুহূর্তের ছবিতেই ধরা পড়ে।
এরপর ধীরে ধীরে সামনে আসে আসল তথ্য। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আমির খান এসেছিলেন তাঁর আগামী ছবি ‘এক দিন’(Ek Din)-এর গানের রেকর্ডিং-এর জন্যে। বরাবরের মতোই নিজের ছবির গান তৈরির প্রতিটি ধাপে উপস্থিত থাকতে চান আমির, আর সেই কারণেই মুম্বই থেকে সরাসরি জিয়াগঞ্জে আসেন তিনি।
এই ছবির জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই প্রতিশ্রুতির কাজ চলার সময় পাশে থাকার জন্যই রেকর্ডিংয়ে হাজির ছিলেন আমির খান।
প্রসঙ্গত, প্লেব্যাক সিঙ্গিং থেকে বিরতি নেওয়ার কথা জানালেও অরিজিৎ স্পষ্ট করে বলেছেন—যেসব ছবির সঙ্গে তিনি আগেই যুক্ত, সেগুলির গান অবশ্যই গাইবেন। এই গানগুলির বেশিরভাগই মুক্তি পেতে এখনও সময় লাগবে, ফলে আগামী কয়েক বছর শ্রোতাদের অরিজিৎ সিং-এর কণ্ঠ শোনা অব্যাহত থাকবে।
শুধু তাই নয়, ভবিষ্যতে শাহরুখ খানের বহুচর্চিত ছবি ‘কিং’-এও অরিজিৎ সিং-এর গান শোনা যাবে। সব মিলিয়ে পরিষ্কার—অরিজিৎ সিং-এর মত বদল করাতে নয়, বরং আগেই ঠিক হয়ে থাকা একটি কাজের সূত্রেই আমির খানের জিয়াগঞ্জ সফর।