‘সিতারে জমিন র’-এর শুরুর পরিকল্পনায় আমির খান ছিলেন না। ব্যর্থ ‘লাল সিং চাড্ডা’র পর ভেঙে পড়ে বিরতি নিতে চেয়েছিলেন তিনি। পরে গল্পের টানে নিজেই অভিনয় করেন।

‘সিতারে জমিন পর’
শেষ আপডেট: 21 July 2025 20:23
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে আমির খানের ‘সিতারে জমিন পর’। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, ২০২৫ সালের সবচেয়ে আবেগঘন ও অনুপ্রেরণামূলক ছবি হিসেবে দর্শকের হৃদয়ও জয় করে নিয়েছে এই ছবি। 'তারে জমিন পার'-এর সিকুয়েল হিসেবে তৈরি হওয়া ছবিটি নতুন দশ জন শিশুশিল্পীকে সিনেমায় অভিষেকের সুযোগ দিয়েছে। আমির খান নিজে ছবিতে এক বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দর্শক ও সমালোচকের কাছ থেকে।
তবে আশ্চর্যের বিষয়, ছবির শুরুর পরিকল্পনায় আমিরের অভিনয় ছিলই না। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি জানিয়েছেন আমির, “আসলে এই ছবিটা প্রথমে ফারহান আকতার করার কথা ছিল। ‘লাল সিং চাড্ডা’ যখন চলেনি, তখন খুব ভেঙে পড়েছিলাম। ভাবলাম একটু বিরতি নিই, কিছুদিন অভিনয় না করি।”
তাই প্রাথমিকভাবে শুধুই প্রযোজক হিসেবে যুক্ত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল আর.এস. প্রসন্নকে, যিনি এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’-এর মতো সমাজ সচেতন সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন।
তবে গল্পের টান এতটাই ছিল যে নিজেকে ধরে রাখতে পারেননি আমির। প্রতিবার চিত্রনাট্য পড়তে পড়তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মনে, “এমন চমৎকার গল্প, আমি এতে অভিনয় করছি না কেন?” অবশেষে নিজেই ক্যামেরার সামনে আসার সিদ্ধান্ত নেন।
ছবিতে আমির খানের সঙ্গে দেখা গিয়েছে জেনেলিয়া দেশমুখকে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সঙ্গে ছিলেন দশজন নবাগত অভিনেতা: অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্মিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
ছবির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর দিয়েছেন শান্তনু মোইত্রর সঙ্গে শঙ্কর-এহসান-লয়। প্রযোজনায় ছিলেন আমির খান, অপরণা পুরোহিত এবং রবি ভাগচণ্ডকা। ২০২৫ সালের ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিতারে জমিন পার’। এখনও পর্যন্ত ছবির গল্প, সঙ্গীত এবং আবেগঘন মুহূর্তগুলো দর্শকের মনে গেঁথে রয়েছে। পর্দার পেছনের কাহিনিগুলিও যেন ছবির মতোই ছুঁয়ে যাচ্ছে মন।