ডালাসে সংগীত জগতের দুই কিংবদন্তি—এ আর রহমান ও কেজে ইয়েসুদাসের সাক্ষাৎ। কর্ণাটক সঙ্গীত নিয়ে ইয়েসুদাসের গবেষণায় অভিভূত অস্কারজয়ী সুরকার।

কেজে ইয়েসুদাস ও
শেষ আপডেট: 1 August 2025 14:14
দ্য ওয়াল ব্যুরো: এক দিকে বিশ্বমঞ্চ কাঁপানো অস্কারজয়ী সুরকার এ আর রহমান, অন্য দিকে ভারতের সংগীতচর্চার জীবন্ত কিংবদন্তি কেজে ইয়েসুদাস। ডালাস শহরে মিলল দুই সংগীতপুরুষের সাক্ষাৎ। আর সেই মুহূর্তেই ধরা পড়ল শ্রদ্ধা, আবেগ আর অনুরাগের নিখাদ চিত্র। রহমান তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কেজে ইয়েসুদাসের সঙ্গে একটি ছবি পোস্ট করে রহমান লেখেন, “আমার শৈশবের প্রিয় মানুষের সঙ্গে দেখা হল ডালাসে, ওঁর বাড়িতে। কেজে ইয়েসুদাস… ওঁর গবেষণা আর ভারতীয় শাস্ত্রীয় (কর্ণাটক) সংগীতের প্রতি ভালবাসা দেখে সত্যিই মুগ্ধ!”
রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে তাঁর The Wonderment Tour-এ ব্যস্ত। এটি তাঁর কেরিয়ারের অন্যতম বৃহৎ উত্তর আমেরিকা সফর। ১৫টিরও বেশি শহরে এই কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে, যার সূচনা হয়েছে ১৮ জুলাই ভ্যাঙ্কুভার থেকে, এবং শেষ হবে ১৮ অগস্ট বোস্টনে। সেই সফরেরই ফাঁকে ডালাসে ইয়েসুদাসের বাড়িতে যান রহমান।
এই সফরে রহমানের সঙ্গে ছিলেন আরও কয়েক জন প্রতিভাবান সঙ্গীতশিল্পী। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গায়িকা শ্বেতা প্রসাদ ও রক্ষিতা সুরেশ। শ্বেতা ইনস্টাগ্রামে লেখেন, “ডালাসে এক আশীর্বাদপূর্ণ ও স্মরণীয় সকাল।” রক্ষিতা সুরেশ লেখেন, “কী আশীর্বাদপূর্ণ একটা সকাল! এ আর রহমান স্যারের সঙ্গে গিয়ে ইয়েসুদাস স্যারের সঙ্গে দেখা হল ওঁর বাড়িতে। কয়েক লাইন গানও গাইলাম। এখনও কাঁপছি আবেগে।”
কেজে ইয়েসুদাসের সংগীত জীবন একাই যেন ভারতীয় সঙ্গীতের একটি যুগ। তিনি ৫০,০০০-রও বেশি গান গেয়েছেন মালায়ালম, তামিল, হিন্দি, বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলেগু, তুলু-সহ বহু ভাষায়। ৮ বার জাতীয় পুরস্কার জিতেছেন সেরা পুরুষ গায়ক হিসেবে। একদিনে ৪টি ভাষায় ১৬টি গান রেকর্ড করার নজিরও রয়েছে তাঁর নামে। শুধু কণ্ঠে নয়, সংগীত নিয়ে তাঁর গভীর গবেষণা ও সাধনাই তাঁকে সত্যিকারের ‘গানগন্ধর্ব’ করেছে।
কেজে ইয়েসুদাসের বাড়িতে গিয়ে সেই সাধনার কাছ থেকে সামনাসামনি প্রেরণা পেলেন এ আর রহমান। কর্ণাটক সঙ্গীতের প্রতি ইয়েসুদাসের নিষ্ঠা ও গবেষণায় অভিভূত হয়ে, এক যুগের কিংবদন্তি অন্য যুগের শিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন নিঃশব্দে।