মূর্তি নিয়ে যতই আলোচনা হোক না কেন তা বানানো একেবারেই সহজ কাজ ছিল না। তৈরি যতটা পরিশ্রমসাধ্য ছিল, আরও কঠিন ছিল তা এলাকায় এনে দাঁড় করানো।

শেষ আপডেট: 12 December 2025 19:35
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ভিআইপি রোডে বসেতে চলেছে ৭০ ফুট উঁচু, লিওনেল মেসির (Lionel Messi) মূর্তি (Lionel Messi Statue)। তিন দশকেরও বেশি সময় ধরে চলা শহরের ফুটবল–উন্মাদনায় জুড়ছে নতুন অধ্যায়। মূর্তির নির্মাণের দায়িত্বে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
ক্লাবের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, মাত্র ৪০ দিনে তৈরি হয়েছে গগনচুম্বী এই কাঠামো। শিল্পী মন্টি পাল (Monty Paul) নেতৃত্ব দিয়েছেন গোটা প্রকল্পের। এ নিয়েই যখন গোটা শহর কার্যত টগবগে ঠিক তখনই অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর এক পোস্ট রীতিমতো সাড়া জাগিয়েছে সামাজিক মাধ্যমে। কী এমন লিখেছেন অভিনেতা যে চারিদিকে এত হইচই?
সমাজমাধ্যমে ঋত্বিক লেখেন, "কলকাতায় একটা মেসি-র মূর্তি স্থাপিত হয়েছে। ওটা হৃতিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।" প্রসঙ্গত, মেসির ওই বিশালাকার মূর্তি সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। ফুটবলের কিংবদন্তীর ওই মূর্তির সঙ্গে অনেকেই আবার মুখের মিল পাচ্ছেন বলিউডের গ্রীক গডের। এবার ঋত্বিকের মুখেও একই কথা! সরাসরি না বললেও পরোক্ষে ইঙ্গিত কিন্তু তেমনটাই।
মূর্তি নিয়ে যতই আলোচনা হোক না কেন তা বানানো একেবারেই সহজ কাজ ছিল না। তৈরি যতটা পরিশ্রমসাধ্য ছিল, আরও কঠিন ছিল তা এলাকায় এনে দাঁড় করানো। শ্রীভূমিতে সুজিত বসু নির্দিষ্ট করেছিলেন একটি অস্থায়ী গ্যারেজ। সেখান থেকে ৫ ডিসেম্বর রাতে ক্রেন ও ট্রলি-ট্রাক দিয়ে টেনে আনা হয় পুরো কাঠামো। সরু গলির মাথায় ওভারহেড তার সমস্যা তৈরি করায় কয়েক জায়গায় তা সাময়িকভাবে খুলে ফেলতে হয়। এর আগের দিন পর্যন্ত পৌরসভার আধিকারিকদের সঙ্গে চলেছে কর্মীদের রাস্তা বাছাই নিয়ে আলোচনা—কোথায় বাধা কম, কোথায় ট্রলি ঘোরানো সম্ভব, কোন পথে ক্রেন প্রবেশ করবে। অবশেষে সব কাজ শেষ। এখন শুধু মেসির অপেক্ষায় প্রহর গুনছে তিলোত্তমা।