প্রায় ১৬ বছর পর তৈরি হচ্ছে ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি লক করেছেন সিক্যুয়েলের স্ক্রিপ্ট, র্যাঞ্চো–ফারহান–রাজুকে নিয়ে ২০২৬ সালে শুরু হবে শুটিং।

থ্রি ইডিয়টস
শেষ আপডেট: 8 December 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছর আগে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানির (Rajkumar Hirani) ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। আমির খান (Aamir Khan), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), আর. মাধবন (R Madhavan) এবং শরমন জোশি (Sharman Joshi)–র অভিনয়ে সেই ছবি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা হিসেবে বিবেচিত। এবার সেই ছবির অনুরাগীদের জন্য বড় চমক। বহু প্রতীক্ষার পর আসছে ‘থ্রি ইডিয়টস ২’ (3 Idiots 2)। সূত্রের খবর, স্ক্রিপ্ট লক হয়ে গিয়েছে এবং ২০২৬ সালের দ্বিতীয়ার্ধেই শুরু হচ্ছে শুটিং।
এক বেসরকারি সংবাদমাধ্যমের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, নির্মাতা রাজকুমার হিরানি তাঁর ব্লকবাস্টারের সিকুয়েল নিয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছেন। সূত্রের খবর, ছবির মূল চার অভিনেতা-আমির, করিনা, মাধবন ও শরমন-এই সিকুয়েলে ফিরছেন। নির্মাতাদের দাবি, “প্রথম ছবির ম্যাজিক ফিরছে। এই গল্প যেমন মজার, তেমনই আবেগী এবং আগের মতোই যথেষ্ট অর্থবহ (meaningful)।”
রিপোর্টে আরও বলা হয়েছে, সিকুয়েলের গল্প মূল ছবির ধারাবাহিকতা বজায় রেখে এগোবে। ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবির ক্লাইম্যাক্সে র্যাঞ্চো (Rancho), ফারহান (Farhan) এবং রাজু (Raju) আলাদা পথে চলে যান। নতুন গল্প শুরু হবে সেই ঘটনার প্রায় ১৫ বছর পর থেকে।
সিকুয়েলের পথ কীভাবে খুলল?
রিপোর্ট বলছে, দীর্ঘদিন ধরেই ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল নিয়ে ভাবছিলেন নির্মাতা। কিন্তু তাঁর দাদাসাহেব ফালকে (Dadasaheb Phalke) জীবনীমূলক ছবি মাঝপথে থমকে যাওয়ার পর তিনি আবার পুরনো খসড়ায় ফিরে আসেন। এক সূত্র জানিয়েছে, “হিরানি সবসময়ই সিকুয়েলের জন্য একটি ‘বীজ ভাবনা’ (seed idea) মনে রাখতেন। তবে তিনি চেয়েছিলেন এমন গল্প, যা প্রথম ছবির ঐতিহ্যের সঙ্গে বিচার করবে।”
শোনা যাচ্ছে, দাদাসাহেব ফালকের বায়োপিক নিয়ে আমির খান এবং হিরানি আপাতত সন্তুষ্ট নন। তাই সেটি সাময়িকভাবে স্থগিত রেখে তাঁরা দু’জনেই ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজে মন দিয়েছেন।
মূল ছবির উত্তরাধিকার
২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইলস্টোন। বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকা ব্যবসা করেছিল। বন্ধুত্ব, শিক্ষাব্যবস্থার চাপ, স্বপ্নপূরণ- সব মিলিয়ে ছবি মিলেছিল এক অনবদ্য আবেগের সঙ্গে। র্যাঞ্চোর চরিত্রে আমির খানের অভিনয় জয় করেছিল দেশের যুবসমাজের মন।
ফাটাফাটি অভিনয়ে ছিলেন করিনা, বোমান ইরানি (Boman Irani), মোনা সিং (Mona Singh)–সহ প্রায় সকলেই।
এখন অনুরাগীদের একটাই প্রশ্ন, আবার কি দেখা যাবে সেই বিখ্যাত ত্রয়ীকে? রিপোর্ট বলছে, হ্যাঁ। তিন বন্ধু ও তাদের গল্পের পরবর্তী অধ্যায় নিয়েই এগোবে সিকুয়েল।
সব ঠিক থাকলে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছে দল। মুক্তিও পাবে খুব শীঘ্রই।