এই নিয়ে যদিও মুখ খোলেননি কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়। অপর্ণাও ইউনিটের কাউকে দায়ী করেননি। সবটাই নাকি তাঁর নিজের সিদ্ধান্ত।

বদলে গেল বর্ষার মা
শেষ আপডেট: 27 May 2025 13:16
দ্য ওয়াল ব্যুরো: এই সময়ের জনপ্রিয় সিরিয়াল লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা' (Chirosakha serial)। যে ধারাবাহিকের একটি পর্বও মিস করতে চাইছে না দর্শক। সর্বোচ্চ টিআরপি দিচ্ছে শাশুড়ি কমলিনীর সঙ্গে বড় বউমা বর্ষার রোজকার টক্কর। বর্ষা একেবারেই খলনায়িকা সিরিয়ালের। বর্ষাকে আরও মদত দেয় তার মা। দুই বেয়ানের টক্করও ভীষণ জমছে নানা পর্বে। বর্ষার মায়ের চরিত্রের অভিনেত্রী হঠাৎই এ সপ্তাহে বদলে গেলেন 'চিরসখা' সিরিয়ালে। যা বেশ আশ্চর্য খবর!
বর্ষার পুরনো প্রেমের কেচ্ছা ফাঁস হয়ে গেছে শ্বশুরবাড়িতে। তাই বুবলাই বউ বর্ষার সঙ্গে আর সংসার করতে চায়না। যথারীতি বর্ষার মা হাজির। কিন্তু বর্ষার দৌরাত্ম্যে তাঁর মা-ই বদলে গেল।

অপর্ণা নিজেই মুখ খুলেছেন 'ব্যক্তিগত কারণে ধারাবাহিক থেকে সরে আসতে হয়েছে। কিছুদিনের জন্য শহরের বাইরে থাকতে হচ্ছে আমাকে, যার ফলে শুটিংয়ের ডেট মেলানো কঠিন হচ্ছিল। তাই সবার সঙ্গে আলোচনা করেই চরিত্রটা ছেড়ে দিলাম।’
যদিও তাঁকে অন্য কোনও সিরিয়ালে দেখা যাবে খুব শীঘ্রই তাও জানান অপর্ণা। কিন্তু এরমধ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। কামব্যাকের পর এত সহজে জনপ্রিয় চরিত্র থেকে সরে দাঁড়ানো তো শুধুমাত্র ব্যক্তিগত কারণে হতে পারে না। এই নিয়ে যদিও মুখ খোলেননি কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায়। অপর্ণাও ইউনিটের কাউকে দায়ী করেননি। সবটাই নাকি তাঁর নিজের সিদ্ধান্ত।

অন্যদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে বর্ষার মায়ের চরিত্রে নতুন ভাবে ফিরলেন অনিন্দিতা রায়চৌধুরী। অনিন্দিতা রায়চৌধুরীর জন্য এই চরিত্র পাওয়াটা সহজ ছিল না—কারণ কিছুদিন আগেই মা হয়েছেন তিনি। মাত্র ২ মাসের মাথায় ফিরেছেন ‘তেঁতুলপাতা’ সিরিয়ালেও, তার মাঝেই নতুন চ্যালেঞ্জ ‘চিরসখা’। এরআগে লীনা গঙ্গোপাধ্যায়ের 'দেশের মাটি' সিরিয়ালে পজিটিভ মায়ের চরিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন অনিন্দিতা। কিন্তু এবার একদম নেগেটিভ চরিত্রে ফিরলেন তিনি। অনিন্দিতা জানাচ্ছেন 'প্রযোজনা সংস্থা আর পরিবারের সহযোগিতা না পেলে কিছুই সম্ভব হত না। আমার সুবিধেমতো ডেট দেওয়া হচ্ছে, সেটাই বড় ভরসা। লীনাদির সঙ্গে এক বছর পর আবার কাজ করছি। অপর্ণা যেভাবে চরিত্রটা করেছেন সেটা সম্মানের, আমি আমার মতো করে জায়গাটা ধরার চেষ্টা করব। নেতিবাচক চরিত্রে আমি এখন বেশি কাজ করছি, কিন্তু প্রতিটা চরিত্র যেন আলাদা করে দর্শকের মনে থেকে যায়, সেটাই চাই।'

এক অভিনেত্রীর প্রতি আর এক অভিনেত্রীর এই শ্রদ্ধা এ যুগেও যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আছে তা মন ভাল করে দেয়। এখন দেখার অনিন্দিতা বর্ষার মায়ের ভূমিকায় কতটা দর্শকের অপছন্দের হতে পারেন! নেতিবাচক চরিত্রকে দর্শকরা অপছন্দ করলে তবেই তো অভিনেত্রীর অভিনয়ের সার্থকতা।