ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করলেন যশ ও নুসরত। ব্যক্তিগত জীবনে দূরত্ব, না কি ছবির প্রচার? জল্পনায় উত্তাল টলিপাড়া।

যশ দাশগুপ্ত ও নুসরত জাহান
শেষ আপডেট: 21 May 2025 00:07
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। দর্শকমহলে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। এরই মধ্যে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়ল দুই তারকার ব্যক্তিগত জীবনে—ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিলেন তাঁরা।
এই মুহূর্তে নুসরত ও যশ কেউই আর একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন না। যদিও তাঁদের প্রোফাইলে এখনও পুরনো যুগল ছবি, একে অপরকে ট্যাগ করা পোস্টগুলি অক্ষত রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন—আনফলো করার কারণ কী? তাহলে কি সম্পর্কের রসায়নে চিড় ধরেছে? নাকি সবটাই ছবির প্রচার?

ঘটনা ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এটি ছবির প্রচারের অঙ্গ, আবার কেউ কেউ আশঙ্কা করছেন, ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হয়েছে যশ-নুসরতের। এদিকে নুসরত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখেন, 'এত বছর হয়ে যাওয়ার পরেও তোমার ফ্যানেদের থেকে এই ট্রোল কি আমার প্রাপ্য? তোমার সঙ্গে কি কিছু খারাপ করেছি আমি? খুব হতাশাজনক... আমি চুপ রয়েছি.. দয়া করে দয়ালু হও।' (যদিও এই পোস্টটি এখন নুসরতের ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া যাচ্ছে না)
টলিপাড়া সূত্রে খবর, প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছেন যশ। অন্যদিকে যশ ও তাঁর সন্তান ঈশানকে নিয়ে নুসরত গিয়েছেন উত্তরবঙ্গে।
উল্লেখ্য, এর আগে দেব-রুক্মিণীর সম্পর্কেও এমন জল্পনা তৈরি হয়েছিল। ‘খাদান’ মুক্তির পরে দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন রুক্মিণী, যদিও পরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। তাহলে কি যশ-নুসরতের ক্ষেত্রেও ঠিক সেই কাহিনিই পুনরাবৃত্তি হচ্ছে?