নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন গোবিন্দা। তবে ক্যামেরার বাইরের জীবন এতটা রঙিন ছিল না।
.jpeg.webp)
গোবিন্দা ও সুনীতা অহুজা
শেষ আপডেট: 13 June 2025 19:34
দ্য ওয়াল ব্যুরো: নব্বইয়ের দশকে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন গোবিন্দা। তবে ক্যামেরার বাইরের জীবন এতটা রঙিন ছিল না। সম্প্রতি, অভিনেতার স্ত্রী সুনীতা অহুজা তাঁদের দাম্পত্যজীবনের নানা অজানা কথা প্রকাশ্যে আনলেন। ‘ইনস্ট্যান্ট বলিউড’-এর একটি সাক্ষাৎকারে সুনীতা বলেন, “একজন হিরোর স্ত্রী হতে হলে পাথরের মন দরকার হয়। ওঁরা আমাদের থেকে বেশি সময় কাটান তাঁদের নায়িকাদের সঙ্গে।”
তাঁর এই মন্তব্য থেকেই স্পষ্ট, কেরিয়ারের চাপে ব্যক্তিগত জীবনে যে ফাঁক তৈরি হয়, তা সামলানো কঠিন। সুনীতা আরও জানান, সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস অপরিহার্য। যদি সেই বিশ্বাস না থাকে, তবে জীবনে শান্তি থাকে না। তাঁর কথায়, “একটা সম্পর্ক ৩০-৪০ বছর ধরে টিকিয়ে রাখতে হলে বড় ছবি দেখতে জানতে হয়। ছোটখাটো সন্দেহ বা দুঃখ নিয়ে বসে থাকলে জীবন চলে না।”
দু’জনের দুই সন্তান টিনা এবং যশবর্ধনের জন্মের সময়েও অভিনেতা পাশে ছিলেন না বলে জানিয়েছেন সুনীতা। তিনি জানান, সেই সময় গোবিন্দা শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ফলে, সন্তান জন্মের সময় তাঁকে একা থাকতে হয়েছিল এবং শাশুড়ির সঙ্গেই কাটিয়েছিলেন তিনি। সেই সময় শাশুড়ির কাছ থেকেই সংসার ও সম্পর্ক সম্পর্কে অনেক কিছু শেখেন বলেও জানিয়েছেন তিনি।
গোবিন্দার মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও উল্লেখ করেছেন সুনীতা। তাঁর কথায়, “ওর মা-র প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল। ও মাকে ভয়ও পেত এবং ও জীবনে কোনও খারাপ কাজ করেনি।”
১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দা ও সুনীতা। তাঁদের মেয়ে টিনা ২০১৫ সালে 'Second Hand Husband' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ছেলে যশবর্ধন এখনও বলিউডে পা রাখেননি, তবে তিনি ইতিমধ্যে 'Dishoom', 'Baaghi', এবং সলমন খানের আসন্ন ছবি 'Kick 2'-এর মতো ছবিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। শীঘ্রই তাঁকে পরিচালক সাই রাজেশের ছবিতে অভিনয় করতে দেখা যাবে।