বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘রামায়ণ’, যেখানে রণবীর কাপুরকে দেখা যাবে রামের চরিত্রে। পরিচালনায় আছেন দঙ্গল খ্যাত নীতেশ তিওয়ারি। দীপাবলিতে প্রকাশ পাবে সিনেমার প্রথম ঝলক, যা হবে প্রায় তিন মিনিটের।

রণবীর কাপুরকে দেখা যাবে শ্রীরামের চরিত্রে
শেষ আপডেট: 3 July 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘রামায়ণ’, যেখানে রণবীর কাপুরকে দেখা যাবে শ্রীরামের চরিত্রে। পরিচালনায় আছেন দঙ্গল খ্যাত নীতেশ তিওয়ারি। দীপাবলিতে প্রকাশ পাবে সিনেমার প্রথম ঝলক, যা হবে প্রায় তিন মিনিটের। কিন্তু তার আগেই আলোচনায় উঠে এসেছে একঝাঁক নতুন মুখ—যাঁরা এই মহাকাব্যের মাধ্যমে বলিউডে অভিষেক করতে চলেছেন।
প্রথমেই যাঁর নাম আসে, তিনি হলেন ‘কেজিএফ’ তারকা যশ। কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার এবার হিন্দি সিনেমায় পা রাখতে চলেছেন রাবণের চরিত্রে। তাঁর কেরিয়ার শুরুটা যতটা ঝুঁকিপূর্ণ ছিল, ঠিক ততটাই জয়জয়কার তিনি করেন ‘গুগলি’, ‘রাজা হুলি’, ‘গজকেসরি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস রামাচারী’র মতো ছবিগুলোর মাধ্যমে। তবে জাতীয় স্তরে জনপ্রিয়তা আসে ‘কেজিএফ’ সিরিজ দিয়ে। এবার রাবণ হিসেবে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।
পরবর্তীতে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তিনি অভিনয় করছেন সীতার ভূমিকায়। যদিও এই সিনেমার আগেই তিনি একটি হিন্দি ছবি ‘এক দিন’-এর শুটিং শেষ করেছেন, যে ছবিতে রয়েছেন আমির খানের ছেলে জুনেইদ খানও। তবে এখনও সেই ছবির মুক্তির দিন চূড়ান্ত হয়নি। ‘প্রেমম’, ‘ফিদা’, ‘মারী ২’, ‘গার্গি’র মতো ছবির মাধ্যমে সাই পল্লবী দক্ষিণী দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন। এবার হিন্দি দর্শকের মন জয় করার পালা।
রবি দুবে—টেলিভিশন এবং পাঞ্জাবি ছবির জগতে পরিচিত নাম, এবার তিনি বড় পর্দায় বলিউডে অভিষেক করছেন লক্ষ্মণের চরিত্রে। ‘সাস বিনা সসুরাল’ ও ‘জামাই রাজা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা রবি ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর লুক প্রকাশের পর চর্চায় উঠে এসেছেন। তাঁর এই নতুন ইনিংসও বেশ প্রত্যাশা তৈরি করেছে।
এছাড়াও আদিনাথ কোঠারে অভিনয় করছেন ভরত-এর চরিত্রে। মারাঠি সিনেমার পরিচিত মুখ এই অভিনেতা এর আগে ‘৮৩’ সিনেমায় দিলীপ বেঙ্গসরকরের ভূমিকায় ছিলেন। সিরিজ ‘সিটি অফ ড্রিমস’–এর দ্বিতীয় সিজনেও তাঁকে দেখা গেছে।
এছাড়াও এই মহাকাব্যে এক ঝাঁক তারকা থাকছেন—‘বাহুবলি’খ্যাত রম্যা কৃষ্ণন, ‘দেব কে দেব মহাদেব’-এর মোহিত রায়না, সানি দেওল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ববি দেওল, বিক্রান্ত ম্যাসি, অরুণ গোবিল, শিবা চাড্ডা, বিবেক ওবেরয়, কুনাল কাপুর প্রমুখ।
নীতেশ তিওয়ারির এই বিগ বাজেট ট্রিলজির প্রথম অংশ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, আর দ্বিতীয় কিস্তি আসবে দীপাবলি ২০২৭-এ। পৌরাণিক রামকাহিনি এবার আধুনিক প্রযুক্তি ও চমকপ্রদ অভিনয় মিলিয়ে এক বিশাল স্কেলে উপস্থাপন হতে চলেছে—যেখানে পুরনো গল্পে দেখা যাবে নতুন জোয়ার।