
শেষ আপডেট: 28 March 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা নয়, এবারে ইউজিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষার ফলের ভিত্তিতেই পিএইচডি গবেষণা প্রকল্পে যোগ দেওয়া যাবে বলে জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের চেয়ারম্যান মামিডালা জগদেশ কুমার এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়ে বলেছেন, চলতি বছরের জুন মাসের নেটের আবেদনের পোর্টাল পরের সপ্তাহেই খুলতে পারে। পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চালাচ্ছে।
ইউজিসির নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন বিভাগে পিএইচডির জন্য নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নিয়ে থাকে। যাতে করে একাধিক জায়গায় পিএইচডি আবেদন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হয়। এতে সময় ও খরচ দুইই বাড়ে। ফলে এই হয়রানি থেকে বিষয়টাকে সহজতর করতে এবং দেশজোড়া একটিমাত্র পরীক্ষার মাধ্যমে যে কোনও বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির ব্যবস্থা করতে ইউজিসির তরফে একটি বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করা হয়। কমিটি পরামর্শ দেয়, নেট পরীক্ষার ফলাফলকেই একমাত্র মাপকাঠি হিসেবে ব্যবহার করা যেতে পারে।
২০২৪ সালের জুন মাসের নেট পরীক্ষা থেকে ফলাফলের ভিত্তিতে ছাত্রছাত্রীদের তিনটি আলাদা বিভাগে ভাগ করা হবে। প্রথম বিভাগে থাকবে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) ও 'সহকারী অধ্যাপক' পদে নিয়োগ-সহ পিএইচডিতে অন্তর্ভুক্তি। দ্বিতীয় বিভাগে থাকবে, জেআরএফ বৃত্তি ছাড়া শুধুমাত্র 'সহকারী অধ্যাপক' পদে নিয়োগ-সহ পিএইচডিতে যোগদানের সুযোগ। তৃতীয় ভাগে রয়েছে কোনও রকম জেআরএফ বা সহকারী অধ্যাপকের নিয়োগ ছাড়াই শুধুমাত্র পিএইচডিতে ভর্তির সুযোগ।
ইউজিসি আরও জানিয়েছে, এবার থেকে ফলাফলে 'পার্সেন্টাইল'-এর সঙ্গে প্রাপ্ত নম্বর দুইই থাকবে। যা পিএইচডি প্রবেশিকায় কাজে লাগানো যাবে। দ্বিতীয় ও তৃতীয় ভাগে যারা উত্তীর্ণ হবে, তাদের প্রবেশিকায় ৭০ শতাংশ গুরুত্ব পাবে নম্বর, বাকি ৩০ শতাংশ গুরুত্ব থাকবে ইন্টারভিউতে। পাশাপাশি, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে উত্তীর্ণদের নম্বর ভ্যালিড থাকবে এক বছরের জন্য। অর্থাৎ, এক বছরের মধ্যেই তাঁদের গবেষণা প্রকল্পে যোগ দিতে হবে।