অপারেশন সিঁদুর-এর ক্ষেত্রে ডিজিটাল সাংবাদিকতার ভূমিকা আলোচনায় উল্লেখ করেন একাধিক বক্তা।

মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজে বিতর্কসভা
শেষ আপডেট: 2 June 2025 13:29
দ্য ওয়াল ব্যুরো: উত্তর কলকাতার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে আয়োজিত হল একরাশ নতুন ভাবনার 'সিনার্জি-২০২৫'। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভাগীয় বিতর্ক সভা।
সভার মত ছিল 'ডিজিটাল সাংবাদিকতা মানেই ফেক!'
এই মতের পক্ষে বিতর্ক সভায় বক্তা ছিলেন ষষ্ঠ সেমিস্টারের বিদায়ী ছাত্র অর্কপ্রভ চক্রবর্তী, আকাশ দাশ, সায়ন বসাক। আর সভার মতের বিপক্ষে বক্তব্য রাখে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্রীবৃন্দ রাজন্যা চক্রবর্তী, শিলা রাজবংশী, বৃষ্টি সেনগুপ্ত।সমগ্র বিতর্ক সভাটি সঞ্চালনা করেন বুবাই চক্রবর্তী।

জমজমাট বিতর্ক সভায় যুযুধান দুই পক্ষই নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে একে অপরকে ছাপিয়ে যায়। বিতর্ক সভার নির্যাস হিসেবে বক্তাদের বক্তব্যে একে একে উঠে আসে ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যত প্রসঙ্গ। আন্তর্জাতিক ক্ষেত্রে এবং সাধারণ জনগণের কাছে কীভাবে অতি দ্রুত ডিজিটাল সাংবাদিকতা গ্রহণযোগ্য হয়ে উঠছে সেই প্রসঙ্গ উঠে আসে বক্তাদের কথায়। কোনও কোনও বক্তা আগামী দিনে ডিজিটাল সাংবাদিকতার পুঁজি ও বিনিয়োগের ভবিষ্যত নিয়ে আশার কথা শোনান।
ফেক নিউজ রোধের ক্ষেত্রে সেন্সরশিপ ও প্রেস ল-এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনার উঠে আসে ভোট রাজনীতিতে ডিজিটাল মিডিয়ার যথেচ্ছ ব্যবহার সংক্রান্ত তথ্য ও প্রশ্ন।

অপারেশন সিঁদুর-এর ক্ষেত্রে ডিজিটাল সাংবাদিকতার ভূমিকা আলোচনায় উল্লেখ করেন একাধিক বক্তা। নতুন প্রজন্মের যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনার করছে তাদের চাকরির ক্ষেত্রে ডিজিটাল সাংবাদিকতার ভূমিকা ও আরও বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য নিয়ে বক্তারা উল্লেখ আলোচনা করেন। এই বিভাগীয় বিতর্ক সভার ভূয়সী প্রশংসা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুতপা দে জানান-'কলেজের সাংবাদিকতার ছাত্র-ছাত্রীদের প্রত্যেকের বক্তব্য তথ্যনির্ভর সুন্দর ও যথাযথ হয়েছে। এই ধরনের বিতর্ক সভা ছাত্র-ছাত্রীদের সামগ্রিক বিকাশের ক্ষেত্রে প্রয়োজনীয় বলেন তিনি। আগামী দিনে যাতে এরকম বিতর্ক সভা আরও বেশি করে অনুষ্ঠিত হয় তার পক্ষেও তিনি বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ ও কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। এই বিতর্ক সভা সম্পর্কে বিভাগের প্রধান অধ্যাপক ড. বিশ্বজিৎ দাস বলেন, সাংবাদিকতার ছাত্র-ছাত্রীদের এমন বিতর্ক উৎসাহ জোগাবে। তারা বিশ্লেষণ করতে শিখবে। যুক্তি সাজাতে শিখবে। এই শিক্ষাবর্ষ থেকে সাংবাদিকতা বিভাগে তৈরি হল ডিবেট ক্লাব। প্রতি তিন মাসে ছাত্ররা বিতর্কে সভার আয়োজন করবে।