তদন্তকারী আধিকারিকরা এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেন এবং অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করেন।
.png.webp)
যুবরাজ সিং
শেষ আপডেট: 23 September 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো: ওয়ানএক্সবেট নামক একটি অনলাইন বেটিং অ্যাপের (Illegal betting app) সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সামনে হাজির হন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh appears before ED)। এদিন দুপুর ১২টার দিকে ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওডিআই) যুবরাজ তাঁর আইনি দল নিয়ে মধ্য দিল্লিতে সংস্থার অফিসে পৌঁছন।
জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা এই প্রাক্তন তারকা ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেন এবং অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করেন। অন্বেষী জৈন নামে একজন ইন্টারনেট মিডিয়া প্রভাবশালীও একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন ইডির তলব পেয়ে উপস্থিত হয়েছিলেন।
গত কয়েক সপ্তাহে ইডি প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ান এবং রবিন উথাপ্পার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকেও এই তদন্তের অংশ হিসাবে জিজ্ঞাসাবাদ করেছে। অভিনেতা সোনু সুদকে বুধবার একই মামলায় সংস্থাটি তলব করেছে। সংস্থাটি আগামী দিনে আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ, চলচ্চিত্র অভিনেতা, ইন্টারনেট মিডিয়া প্রভাবশালী এবং সেলিব্রিটিদের জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।
ইডি দ্রুতই অ্যাপের প্রচারমূলক কার্যকলাপ থেকে প্রাপ্ত অপরাধমূলক অর্থ ব্যবহার করার অভিযোগে চিহ্নিত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে পারে। সূত্রের খবর, পরে আদালতে একটি চার্জশিটও দাখিল করা হবে।