দ্বিতীয় দিন শুরুতেই নিজের খাতায় মাত্র দুই রান যোগ করে আউট হলেন যশস্বী। রান আউট হয়ে তাঁকে ফিরতে হল ডাবল সেঞ্চুরির দোরগোড়া থেকে।

শুভমান গিল
শেষ আপডেট: 11 October 2025 12:11
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেকেন্ড টেস্টের প্রথম দিন ভারত (India vs West Indies, Second Test) শেষ করেছিল ৩১৮ রানে। যশস্বী জয়সওয়াল অপরাজিত ছিলেন ১৭৩ রানে ও শুভমান গিল ছিলেন ২০ রানে। কিন্তু দ্বিতীয় দিন শুরুতেই মাত্র দুই রান যোগ করে আউট হলেন যশস্বী। রান আউট হয়ে তাঁকে ফিরতে হল ডাবল সেঞ্চুরির দোরগোড়া থেকে।
শনিবার শুরুতেই ৩২৫ রানে প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ২৫৮ বলে ১৭৫ রান করে রান আউট হন যশস্বী। এরপর ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শুভমান গিল ও নীতীশ রেড্ডি। এই জুটিতে ওঠে ৯১ রান। তবে অর্ধশতকের দোরগোড়া থেকে ফিরতে হল নীতীশকে। ৫৪ বলে ৪৩ রান করে স্পিনার ওয়ারিকানের বলে জাইডেন কেয়ার্সের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন এই অলরাউন্ডার।
এদিকে ফের শতকের দোরগোড়ায় অধিনায়ক গিল। ইংল্যান্ড সফর থেকেই তিনি দুরন্ত ছন্দে রয়েছেন। যদিও আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর ব্যাট সেভাবে কথা বলেনি। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে তিনি ধীরে-সুস্থে নিজের ইনিংস গড়ে চলেছেন।
দ্বিতীয় দিন ভারত মধ্যাহ্নভোজে গিয়েছে চার উইকেট হারিয়ে ৪২৭ রান করে। গিল অপরাজিত রয়েছেন ৮৭ রানে ও ধ্রুব জুরেল রয়েছেন ৭ রানে।