একটা স্বপ্ন অধরা—২০১১ সালের পর ওডিআই বিশ্বকাপ। আগরকার কি সেই মিশন পূরণ করতেই জমানা বাড়ানোর আবেদন রাখলেন?

কোচ ও অধিনায়কের সঙ্গে আগরকর
শেষ আপডেট: 19 March 2026 14:57
দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটে উৎসবের আবহ। আর সেই উদযাপনের মধ্যেই বিসিসিআইয়ের (BCCI) কাছে বড় আবেদন রাখলেন মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar)—২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তাঁর মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, এই অনুরোধ নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
বিশেষজ্ঞদের নজরে, আগরকরের আবেদনের সময়টা বেশ কৌশলী—ভারতের ব্যাক-টু-ব্যাক টি-২০ বিশ্বকাপ জয়ের ঠিক পরেই এই আর্জি স্পষ্টতই ঝোপ বুঝে কোপ মারা!
জার্নি কতটা নির্ঝঞ্ঝাট?
২০২৩ সালের মাঝামাঝি মুখ্য নির্বাচকের পদে এসেছিলেন আগরকর। তার আগে ২০২০-২১ সালে এই পদে আবেদন করেছিলেন, কিন্তু টেক্কা দেন চেতন শর্মা।
দায়িত্ব নেওয়ার পর থেকে পরিসংখ্যান যদিও ঈর্ষণীয়। তাঁর আমলে ভারত চারটি আইসিসি ফাইনাল খেলেছে—২০২৩ ওডিআই বিশ্বকাপ, ২০২৪ টি-২০ বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৬ টি-২০ বিশ্বকাপ। জিতেছে তিনটি—শুধু ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয়েছে।
গতবারের আইপিএল শুরুর আগে চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে তাঁর মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল। এবার আরও প্রলম্বিত জমানা চাইছেন আগরকর!
কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছেন সাহস দেখিয়ে
আগরকরের (Ajit Agarkar) সবচেয়ে বড় গুণ—সমালোচনার মুখে পিছু না হটা। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দীর্ঘমেয়াদী টি-২০ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া সহজ ছিল না—বিশেষ করে, হার্দিক পাণ্ডিয়ার সমর্থকরা যখন রীতিমতো সরব। রোহিত শর্মাকে ওডিআই অধিনায়কত্ব থেকে সরানোর মতো কড়া সিদ্ধান্তও নিয়েছেন। আর দুটো ক্ষেত্রেই গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে জানিয়েছেন নিজের মতামত। অন্য কাউকে বলির পাঁঠা করেননি!
প্যানেলে তাঁর সঙ্গী ছিলেন সুব্রত বন্দ্যোপাধ্যায় (পরে এসেছেন আরপি সিং), এস শরৎ (পরে প্রজ্ঞান ওঝা), শিবসুন্দর দাস ও অজয় রাত্রা।
পশ্চিমাঞ্চলের কেউ উত্তরসূরি?
রিপোর্ট বলছে, পশ্চিমাঞ্চলের (ওয়েস্ট জোন) এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আগরকরের উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন। তবে চূড়ান্ত কিছু ঠিক হয়নি।
উল্লেখ্য, ২০২৭ ওডিআই বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। ভারত ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি ও টি-২০ বিশ্বকাপ জিতেছে। সেই শিরোপার পরেও একটা স্বপ্ন অধরা—২০১১ সালের পর ওডিআই বিশ্বকাপ। আগরকার কি সেই মিশন পূরণ করতেই জমানা বাড়ানোর আবেদন রাখলেন?