সৌরভের বার্তা স্পষ্ট: ফর্মে থাকা পেসারকে সুযোগ দিন। ইংল্যান্ডের কন্ডিশনে সুইং-সিমের পরীক্ষা—সেখানেই শুরু হোক আকিবের নীল জার্সির যাত্রা। পাকা সিদ্ধান্ত আপাতত নির্বাচকদের হাতে।

সৌরভ ও নবি
শেষ আপডেট: 27 February 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবির (Auqib Nabi) জাতীয় দলে ডাক পাওয়া শুধু সময়ের অপেক্ষা—এমনই মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও বোর্ড সভাপতি প্রকাশ্যেই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে (Ajit Agarkar) বার্তা দিলেন—জাতীয় দলের জন্য নবিকে বিবেচনা করুন। জার্নি শুরু হোক ইংল্যান্ড দিয়ে!
চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে পাঁচ উইকেট (কেরিয়ারে সপ্তমবার) নিয়ে শিরোনামে আকিব। হুবলির কেএসসিএ গ্রাউন্ডে (KSCA Hubli Cricket Ground) ২৩ ওভারে ঈর্ষণীয় বোলিং ফিগার: ৫/৫৪। প্রথম ইনিংসে দুরন্ত স্পেলে দলকে লিড এনে দেন। মরশুমে ঝুলিতে ৬০ উইকেট—রঞ্জির ৯২ বছরের ইতিহাসে এক মরশুমে ৬০ উইকেট নেওয়া মাত্র তৃতীয় পেসার। চলতি মরশুমের সর্বোচ্চ উইকেটশিকারিও বটে। যা দেখার পর সৌরভ সামাজিক মাধ্যমে লেখেন, কঠিন পরিবেশ কঠিন মানুষ গড়ে তোলে। আকিব নবি জাতীয় দলের পথে। গ্রীষ্মে ইংল্যান্ডই সেরা শুরু হতে পারে। যেখানে এ বছর জুলাইয়ে সাদা বলের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া।
ফাইনালে বল ‘কথা বলল’
জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে ৫৮৪ তোলে। জবাবে কর্নাটক ২৯৩-এ গুটিয়ে যায়। নড়বড়ে পিচে যেখানে কর্নাটক বোলাররা ৫৮৪ রান হজম করেছেন, সেখানে আকিব সুইং আর সিমে ব্যাটারদের ভোগান। আউটের তালিকায় ছিলেন কেএল রাহুল (KL Rahul), মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) ও করুণ নায়ার (Karun Nair)। মায়াঙ্কের ১৬০ রানের লড়াই না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
এই মরশুমে আকিবের সাত নম্বর পাঁচ উইকেট। সামগ্রিকভাবে ১৫তম ‘ফাইফার’। ধারাবাহিকতা আর প্রভাব—দুই দিকেই সমান উজ্জ্বল!
সামনে পথ খুলছে?
আকিব নবি ইতিমধ্যে আইপিএলে (Indian Premier League) জায়গা পেয়েছেন। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) তাঁকে প্রায় সাড়ে ৮ কোটি টাকায় দলে নিয়েছে। এই প্রেক্ষিতে সৌরভের বার্তা স্পষ্ট: ফর্মে থাকা পেসারকে সুযোগ দিন। ইংল্যান্ডের কন্ডিশনে সুইং-সিমের পরীক্ষা—সেখানেই শুরু হোক আকিবের নীল জার্সির যাত্রা। পাকা সিদ্ধান্ত আপাতত নির্বাচকদের হাতে।