ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াই তুঙ্গে। তারিককে ঘিরে যত রহস্যই থাকুক, সৌরভের বার্তা পরিষ্কার—ভারত ভয় পাবে না। এখন দেখার, মাঠে সেই আত্মবিশ্বাস কতটা ফল দেয়।

সৌরভ ও তারিক
শেষ আপডেট: 15 February 2026 13:24
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় মহারণের আগে আলোচনার কেন্দ্রে পাকিস্তানের রহস্য-স্পিনার উসমান তারিক (Usman Tariq)। তাঁকে ‘এক্স-ফ্যাক্টর’বলা হচ্ছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) গলায় একেবারে অন্য সুরে। প্রাক্তন ভারত অধিনায়কের সোজাসাপ্টা মন্তব্য—তারিক কোনও জাদুকর নন, তিনি ‘স্রেফ অফস্পিনার’, যিনি বল ছাড়ার আগে একটু থামেন মাত্র!
আজ সন্ধ্যায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। স্পিন-সহায়ক পিচে তারিকের ভূমিকা নিয়ে যত জল্পনা, সৌরভ ঠিক ততটাই নির্লিপ্ত। তিনি বলেন, ‘ও একজন খাঁটি অফস্পিনার। শুধু বল ছাড়ার আগে একটু থামে। এর বেশি কিছু নয়। ভারত ওকে ভালোভাবেই খেলবে।’উল্লেখ্য, ২৮ বছরের তারিক এখনও পর্যন্ত মাত্র চারটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে তাঁকে ঘিরে কৌতূহল জমছে।
পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (Cricket Association of Bengal) সভাপতি মনে করেন, টি-২০ ক্রিকেটে কিছুই আগে থেকে বলা যায় না ঠিকই, তবে ভারতকে হারানো সহজ নয়। সৌরভের কথায়, ‘টি-২০-তে ভবিষ্যদ্বাণী কঠিন। কিন্তু টিম ইন্ডিয়া ভালো দল। ওদের হারানো সহজ নয়।’
দলের সম্ভাব্য একাদশ নিয়েও মত দিয়েছেন তিনি। অক্ষর প্যাটেল (Axar Patel), বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অর্শদীপ সিং (Arshdeep Singh)—এই চার বোলারকে মূল আক্রমণ হিসেবে দেখছেন প্রাক্তন অধিনায়ক। কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বদলে রিঙ্কু সিংকে (Rinku Singh) বাদ দেওয়ার পক্ষে নন তিনি। যুক্তি স্পষ্ট—‘ব্যাটিং ব্যালান্সও দেখতে হবে। আমার মনে হয় একই দল খেলানো উচিত।’
অভিষেক শর্মা (Abhishek Sharma) অসুস্থতা কাটিয়ে ফিরবেন কি না, সেই প্রসঙ্গেও প্রশ্ন ওঠে। গঙ্গোপাধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর, ‘একজন খেলোয়াড়ে কিছু যায় আসে না।’অর্থাৎ দলই আসল, ব্যক্তি নয়। অভিষেক খেলুন, চায় না খেলুন, তাতে ভারতীয় দল খুব একটা চিন্তিত থাকবে না।
অন্যদিকে পাকিস্তান বাহিনী নিয়েও কড়া মন্তব্য করেছেন প্রাক্তন বিসিসিআই (BCCI) সভাপতি। তাঁর মতে, এই পাকিস্তান আগের মতো মোটেও শক্তিশালী নয়। ইনজামাম-উল-হক (Inzamam-ul-Haq), সইদ আনোয়ার (Saeed Anwar), মহম্মদ ইউসুফ (Mohammad Yousuf), ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিসের (Waqar Younis) সময়ের পাক টিম ছিল আলাদা মানের। এখন সেই ধার নেই।
সব মিলিয়ে ম্যাচের আগে মনস্তাত্ত্বিক লড়াই তুঙ্গে। তারিককে ঘিরে যত রহস্যই থাকুক, সৌরভের বার্তা পরিষ্কার—ভারত ভয় পাবে না। এখন দেখার, মাঠে সেই আত্মবিশ্বাস কতটা ফল দেয়।