টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালেই পৌঁছতে পারেনি শাহিন আফ্রিদিরা। সেই ব্যর্থতার মাশুল গুনতে হল পুরস্কারেও। হাতে এল মাত্র প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা—চ্যাম্পিয়ন ভারতের পাঁচ ভাগের এক ভাগেরও কম।

ভারতীয় ক্রিকেট টিম
শেষ আপডেট: 11 March 2026 18:05
দ্য ওয়াল ব্যুরো: মাঠে বিশ্বকাপ জিতেছে ভারত। এবার প্রাইজ মানির হিসেবনিকেশ। কোন দল কত পাবে, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আইসিসি। মোট পুরস্কারের অঙ্ক ১১.২৫ মিলিয়ন ডলার—ভারতীয় মুদ্রায় প্রায় ১০৩ কোটি টাকা। যা ২০টি দলের মধ্যে ভাগ হয়েছে গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে।
চ্যাম্পিয়নের ঝুলিতে সবচেয়ে বেশি
স্বাভাবিকভাবে সবার উপরে ভারত। আইসিসির তরফে পুরস্কার বাবদ জুটল প্রায় ২৪ কোটি ২৫ লক্ষ টাকা। রানার্স আপ নিউজিল্যান্ড পেয়েছে প্রায় ১৩ কোটি ৮ লক্ষ। সেমিফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার ঝুলিতে প্রায় ৯ কোটি ২৪ লক্ষ এবং ইংল্যান্ডের প্রাপ্তি ৮ কোটি ৯৬ লক্ষ টাকা।
আর পাকিস্তান? টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালেই পৌঁছতে পারেনি শাহিন আফ্রিদিরা। সেই ব্যর্থতার মাশুল গুনতে হল পুরস্কারেও। হাতে এল মাত্র প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা—চ্যাম্পিয়ন ভারতের পাঁচ ভাগের এক ভাগেরও কম।
বোর্ড দিচ্ছে আলাদা ১৩১ কোটি
আইসিসির প্রাইজ মানির বাইরে বিসিসিআই (BCCI) নিজেই ঘোষণা করেছে বাড়তি পুরস্কার। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হচ্ছে ১৩১ কোটি টাকা। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, এটাই এখনও পর্যন্ত টিম ইন্ডিয়াকে দেওয়া সর্বোচ্চ নগদ পুরস্কার। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেওয়া হয়েছিল ১২৫ কোটি—এবার তার চেয়ে ৬ কোটি বেশি। অর্থাৎ, আইসিসি ও বিসিসিআইয়ের পুরস্কার মিলিয়ে ভারতীয় ক্রিকেটারদের ঝুলিতে এল মোট প্রায় ১৫৫ কোটি টাকা।
কে কত পেল—এক নজরে
ভারত—২৪ কোটি ২৫ লক্ষ, নিউজিল্যান্ড—১৩ কোটি ৮ লক্ষ, দক্ষিণ আফ্রিকা—৯ কোটি ২৪ লক্ষ, ইংল্যান্ড—৮ কোটি ৯৬ লক্ষ, ওয়েস্ট ইন্ডিজ—৪ কোটি ৯৫ লক্ষ, পাকিস্তান—৪ কোটি ৮০ লক্ষ, জিম্বাবোয়ে—৪ কোটি ৫২ লক্ষ, শ্রীলঙ্কা—৪ কোটি ৩৮ লক্ষ। আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও আমেরিকা প্রত্যেকে পেয়েছে প্রায় ২ কোটি ৮৫ লক্ষ করে। কানাডা, নামিবিয়া ও ওমান—তিন দলই পেয়েছে প্রায় ২ কোটি ৭ লক্ষ করে। শুধু অংশগ্রহণের জন্য এই বেস পেমেন্ট।