আমিরের ভবিষ্যদ্বাণী পরিষ্কার—ফাইনালে নিউজিল্যান্ড এগিয়ে। যদিও এই টুর্নামেন্টে তাঁর আগের দুই পূর্বাভাস যে ভুল প্রমাণিত হয়েছে, ফাইনাল-যুদ্ধ শুরুর আগে সে কথাও ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে দিতে শুরু করেছেন।

মহম্মদ আমির
শেষ আপডেট: 8 March 2026 15:31
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ ফাইনালের আগে আবারও ভারতের বিরুদ্ধে বাজি ধরলেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির (Mohammad Amir)। তাঁর দাবি, ফাইনালে শেষ হাসি হাসবে নিউজিল্যান্ড (New Zealand cricket team), টিম ইন্ডিয়াকে খালি হাতে ফিরতে হবে! আগের দু’বার তুকতাক না মিললেও পাকিস্তানের প্রাক্তন পেসার মচকাতে নারাজ। তাঁর যুক্তি স্পষ্ট: ভারতের সাফল্য এখনও ‘দলগত পারফরম্যান্স’ নয়। হাতেগোনা খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যে কোনওমতে ফাইনালে এসেছে।
চলতি টুর্নামেন্টে এর আগেও ভারতকে হারতে দেখেছিলেন আমির! সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজ (West Indies cricket team) এবং সেমিফাইনালে ইংল্যান্ডের (England cricket team) কাছে সূর্য বাহিনী পরাস্ত হবে বলে ভবিষ্যদ্বাণী করেন। কিন্তু দু’টি ম্যাচ জিতে ছাতি ঠুকে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। অবশ্য তাতেও হেলদোল নেই আমিরের। এখনও মত বদলানোর কোনও কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন বোলার। তাঁর মতে, ভারত আসলে কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্সে ভর করে জিতছে।
একটি ইউটিউব শো-তে আমির বলেন, ‘ভারতের জয়ে বড় ভূমিকা রাখছে মাত্র দু’জন—জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আর সঞ্জু স্যামসন (Sanju Samson)। দলগত হিসেবে এখনও তারা পুরো পারফরম্যান্স দিতে পারেনি।’
কিউয়িদের দিকে পাল্লা ঝুঁকে
আমিরের মতে, নিউজিল্যান্ড দলগত পারফরম্যান্সের দিক থেকে অনেক বেশি স্থিতিশীল। উদাহরণ হিসেবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার (South Africa cricket team) বিরুদ্ধে কিউয়িদের পারফরম্যান্সের কথা তুলে ধরেন তিনি। বলেন, ‘নিউজিল্যান্ড পুরো দল হিসেবে খেলছে। ব্যাটিং–বোলিং—সব বিভাগে ভাল করছে!’ পাশাপাশি সংযোজন, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের (Narendra Modi Stadium) পরিবেশ নিউজিল্যান্ডের জন্য সুবিধাজনক হতে পারে। তাঁর মতে, ভারতের বোলিং বিভাগেও সমস্যা রয়েছে। যা শেষ লগ্নে মেরামত করা কঠিন।
বোলারদের নিয়ে প্রশ্ন
ভারতের বোলিং নিয়ে সরাসরি সওয়াল তুলেছেন আমির। তাঁর দাবি, বুমরাহ ছাড়া অন্য কেউ-ই খুব একটা ফর্মে নেই। প্রাক্তন সিমারের কথায়, ‘বুমরাহ ছাড়া বাকি বোলিং খুব শক্তিশালী মনে হচ্ছে না। বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) এবং হার্দিক পাণ্ডিয়াও (Hardik Pandya) ফর্মে নেই।’প্রত্যাশিতভাবে, অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়েও সমালোচনা করেছেন তিনি। আমিরের মতে, টিম ইন্ডিয়ার ওপেনারের ব্যাটিং এখনও একমাত্রিক, বড় মঞ্চের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত নন।
সব মিলিয়ে আমিরের ভবিষ্যদ্বাণী পরিষ্কার—ফাইনালে নিউজিল্যান্ড এগিয়ে। যদিও এই টুর্নামেন্টে তাঁর আগের দুই পূর্বাভাস যে ভুল প্রমাণিত হয়েছে, ফাইনাল-যুদ্ধ শুরুর আগে সে কথাও ক্রিকেটপ্রেমীরা মনে করিয়ে দিতে শুরু করেছেন।