মুখ্যমন্ত্রী লখনউয়ের লোক ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান করবেন। শুধু রিঙ্কু নন, মোট ছ’জন আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়কে সরকারি চাকরি দেওয়া হচ্ছে বলে খবর।

রিঙ্কু সিং
শেষ আপডেট: 24 March 2026 10:55
দ্য ওয়াল ব্যুরো: মাঠে ঝড় তোলেন ব্যাট হাতে। বোলারদের আক্রমণে পালটা প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু এটা তো চেনা লড়াই! টিম ইন্ডিয়ার পিঞ্চহিটার রিঙ্কু সিংকে গত বিশ্বকাপে ময়দানের বাইরে নামতে হয়েছিল অন্য যুদ্ধে। বাবা ক্যানসারে শয্যাশায়ী, চিকিৎসা চলছে গ্রেটার নয়ডায়। আর ছেলে জাতীয় দলের হয়ে মাঠে, খেলে যাচ্ছে দেশকে বিশ্বকাপ জেতাতে! এই দুই সংগ্রাম একসঙ্গে লড়া রিঙ্কু সিংকে (Rinku Singh) এবার বিশেষ সম্মান জানাতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।
বিশ্বকাপজয়ীকে সরকারি পদ, ঘোষণা যোগীর
কেকেআরের (Kolkata Knight Riders) তারকা ব্যাটারের হাতে আঞ্চলিক ক্রীড়া আধিকারিক বা রিজিওনাল স্পোর্টস অফিসার (Regional Sports Officer) পদে নিয়োগের ছাড়পত্র তুলে দেবে যোগী আদিত্যনাথের প্রশাসন। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারতের শিরোপাজয়ে রিঙ্কুর অবদান ছিল উল্লেখযোগ্য। আপাতত কিছুদিনের মধ্যেই নাইট বাহিনীর হয়ে তিনি আইপিএলের মঞ্চে নামবেন। তার আগে মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) লখনউয়ের লোক ভবনে একটি বিশেষ অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান করবেন। শুধু রিঙ্কু নন, মোট ছ’জন আন্তর্জাতিক পদকজয়ী খেলোয়াড়কে সরকারি চাকরি দেওয়া হচ্ছে বলে খবর।
বাবার মৃত্যুশয্যা থেকে বিশ্বকাপের ময়দান
টুর্নামেন্ট চলাকালীন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন রিঙ্কু। বাবা স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত। গ্রেটার নয়ডায় চিকিৎসা চলছে। এদিকে তিনি দলের সঙ্গে অনুশীলনে, কিংবা ম্যাচ ডে-র স্কোয়াডে। ফাঁক পেলেই ছুটে যেতেন বাবার কাছে। সেই টানাপড়েনের মধ্যেও মাঠে নেমে সর্বস্ব উজাড় করে লড়েছেন। শেষমেশ জিতেছেন বিশ্বকাপ, কিন্তু বাবাকে বাঁচানো যায়নি। টুর্নামেন্ট চলাকালীনই তিনি মারা যান। এমন কঠিন পরিস্থিতিতে দেশের হয়ে লড়ে যাওয়াই রিঙ্কুকে আলাদা করে তুলেছে। আর সেই অদম্য মনোবলকেই স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার।
হকি থেকে প্যারা-অ্যাথলেটিক্স—পুরস্কৃত আরও অনেকে
রিঙ্কুর পাশাপাশি প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics) ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য রাজকুমার পাল (Rajkumar Pal) পাচ্ছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বা ডিএসপি (DSP) পদ। প্যারালিম্পিক্স হাই জাম্পে সোনাজয়ী প্রবীণ কুমারও (Praveen Kumar) পাচ্ছেন একই সম্মান। প্যারালিম্পিক্স জ্যাভেলিনে রুপোজয়ী অজিত সিং (Ajit Singh) ও ২০০ মিটারে ব্রোঞ্জজয়ী সিমরনের (Simran) হাতে জেলা পঞ্চায়েতরাজ আধিকারিকের দায়িত্ব। প্যারালিম্পিক্সে ১০০ ও ২০০ মিটারে ব্রোঞ্জজয়ী প্রীতিপাল (Preetipal) ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও (BDO) পদে বসতে চলেছেন।
এ ছাড়া ন’জন খেলোয়াড়কে দেওয়া হবে লক্ষ্মণ ও রানি লক্ষ্মীবাই পুরস্কার। সাকুল্যে ৩ লক্ষ ১১ হাজার টাকা এবং একটি ব্রোঞ্জমূর্তি। মোট ১৪ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করা হবে ১ কোটি ৬৪ লক্ষ। এ ছাড়া আরও ১৯ জন পাবেন একলব্য স্পোর্টস ফান্ড থেকে ৮ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা।