এখনও কিছু চূড়ান্ত না হলেও, সূত্রের খবর, পঞ্চম টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন আকাশ দীপ। এজবাস্টনে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন।

জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 30 July 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে মাঠে নামবেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah to Miss 5th Test)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের (Workload Management) কারণেই তাঁকে বাদ দেওয়া হচ্ছে। বদলে জায়গা পেতে চলেছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি। সবকিছু ঠিক থাকলে ওভালেই অভিষেক হতে চলেছে পাঞ্জাবী পেসারের।
২-১ পিছিয়ে ভারত। ওভালে পঞ্চম ও শেষ টেস্ট জিতলেই সিরিজ সমতা। কিন্তু এই কঠিন লড়াইয়ের ঠিক আগেই জসপ্রীত বুমরাকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত কঠিন হলেও নিতে বাধ্য হল টিম ম্যানেজমেন্ট।
ক্রিকইনফোর রিপোর্ট বলছে, বুমরাকে শেষ টেস্টে খেলানো হবে না। পিঠের পুরনো সমস্যার কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। আঘাতপ্রবণ পেসারের কেরিয়ার ও ফিটনেসের কথা ভেবেই ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
এর আগে সিরিজ শুরুর আগেই গৌতম গম্ভীর জানিয়েছিলেন, পাঁচটি টেস্ট নয়, বুমরাহ সাকুল্যে তিনটি ম্যাচ খেলবেন। পেসার নিজেও তা স্বীকার করেন। গত বছর অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির সিডনি টেস্টে পিঠে চোট পান। চতুর্থ ইনিংসে বলও করতে পারেননি। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আইপিএলে প্রত্যাবর্তন। তারপর সবদিক বিবেচনা করে ইংল্যান্ড সফরে জায়গা পেলেও টেস্টের সংখ্যাও আগাম বেঁধে দেন নির্বাচকরা। শেষমেশ সে কথার অন্যথা হল না!
যদিও জল্পনা ছিল, ওভালের শেষ টেস্টে সিরিজ বাঁচাতে বুমরাহকে ময়দানে নামতে দেখা যেতে পারে। কারণ, ম্যাঞ্চেস্টারে চতুর্থ দিন সকালে বোলিংয়ের পর তাঁকে আর বল হাতে দেখা যায়নি। আর দু’দিন আগেই ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জল্পনা উস্কে বলেন, ‘বোলিং লোড অনুযায়ী বুমরাহ এখন ফিট। আগের ম্যাচে এক ইনিংস বোলিং করেছে। কোচ, ফিজিও আর অধিনায়ক মিলে বসে সিদ্ধান্ত নেবেন। এখনও কিছু চূড়ান্ত হয়নি!’
কিন্তু শেষ পর্যন্ত বিশ্রামের কথাই পাকা হল। তিন দিনের বিরতি, ওভালের সম্ভাব্য নিষ্প্রাণ উইকেট এবং ভবিষ্যতের ঝুঁকি—এই তিনটে কারণ মিলেই বুমরাহকে সরিয়ে রাখার সিদ্ধান্ত।
ওল্ড ট্র্যাফোর্ডে রুদ্ধশ্বাস ড্রয়ের পর গম্ভীর জানিয়ে দেন, দলের সব পেসারই এখন ফিট। অর্থাৎ, চোট সারিয়ে ফিরে এসেছেন আকাশ দীপ এবং অর্শদীপ সিংহ। যদিও সেদিন বুমরাহর খেলা-না খেলার বিষয়ে দলের হেড কোচ কোনও মন্তব্য করেননি।
এখনও কিছু চূড়ান্ত না হলেও, সূত্রের খবর, পঞ্চম টেস্টে প্রথম একাদশে ফিরতে পারেন আকাশ দীপ। এজবাস্টনে বল হাতে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন। সেই পারফরম্যান্সের দৌলতেই এবার বুমরারহ জায়গায় তাঁকে বল হাতে ছুটতে দেখা যাবে। সঙ্গী হতে পারেন অর্শদীপ সিং। ওভালেই টেস্টে প্রথমবার সাদা জার্সি গায়ে তুলতে চলেছেন। অংশুল কাম্বজের পরিবর্তে দলে ঢুকছেন তিনি। অন্যদিকে মহম্মদ সিরাজ আগের চারটি ম্যাচের মতো এবারও একাদশে থাকছেন—তাঁর জায়গা একপ্রকার নিশ্চিত।
প্রসঙ্গত, বুমরাহ এই সিরিজে ভারতের সবচেয়ে সফল বোলার। ম্যাঞ্চেস্টারে এক ইনিংসে ৩৩ ওভার বল করেন, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। লিডস ও লর্ডসেও চাপ ও দায়িত্ব নিতে হয়। কিন্তু শেষ ম্যাচ, যেখানে সিরিজের ভাগ্য নির্ধারণ, সেখানে তাঁকে ছাড়াই নামছে ভারত। দলের দীর্ঘমেয়াদি স্বার্থে এ এক কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই অনুপস্থিতিই কি ভারতীয় পেস আক্রমণে নতুন অধ্যায় শুরু করছে? জল্পনাটা অতিরঞ্জন নয়।