প্রথম ১০ ওভারে ভারতের রানরেট প্রতি ওভারে ৬-এর ওপরে। দুই প্রান্তেই আত্মবিশ্বাসী ব্যাটিং, নিখুঁত টাইমিং আর দুর্দান্ত শট। প্রোটিয়া বোলাররা দিশেহারা।

মান্ধানা ও শেফালি
শেষ আপডেট: 2 November 2025 18:00
দ্য ওয়াল ব্যুরো: নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) মহিলাদের বিশ্বকাপ ফাইনালে (Women’s World Cup Final) শুরুতেই দাপট দেখাল ভারত (India Women’s Cricket Team)। ওপেনার স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও শেফালি বর্মা (Shafali Verma) বাউন্ডারির বন্যা বইয়ে দিয়েছেন। যার জেরে দক্ষিণ আফ্রিকার (South Africa Women’s Team) বোলাররা জোর চাপে!
টসে জিতে প্রথমে বোলিং নেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ড (Laura Wolvaardt)। কিন্তু ভারতীয় ওপেনারদের বিরুদ্ধে কোনও কৌশলই কাজে লাগছে না। আপাতত ১০ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ৬৫ রান। মান্ধানা ৩৫ বলে ২৭*, আর শেফালি ২৯ বলে ৩০ রানে অপরাজিত।
দাপটের সঙ্গে শুরুটা করেন শেফালি। আয়াবোঙ্গা খাকার (Ayabonga Khaka) প্রথম ওভারেই কভারের উপর দিয়ে বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন। পরের ওভারে মারিজান কাপের (Marizanne Kapp) সামনে ধৈর্য ধরে খেললেও তৃতীয় ওভারেই স্মৃতি অফ সাইডে দুর্দান্ত ড্রাইভে চার হাঁকান মান্ধানা।
এরপর শুরু হয় দুই ওপেনারের পালা করে বাউন্ডারি-ঝড়। একদিকে শেফালি কভারের ফাঁক গলে চার, পরের বলেই লেগ সাইডে আরেকটা। মান্ধানা তখন ছন্দে, কাপ ও নাদিন দে ক্লার্কের (Nadine de Klerk) বলে টানা দু’টি বাউন্ডারি মেরে দলকে ৫০ পার করান মাত্র ৬.৩ ওভারে। ঠিক এই সময়েই ইতিহাসও গড়েন স্মৃতি। ভেঙে দেন মিতালি রাজের (Mithali Raj) রেকর্ড—একটি বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান এখন তাঁর দখলে!
প্রথম ১০ ওভারে ভারতের রানরেট প্রতি ওভারে ৬-এর ওপরে। দুই প্রান্তেই আত্মবিশ্বাসী ব্যাটিং, নিখুঁত টাইমিং আর দুর্দান্ত শট। প্রোটিয়া বোলাররা দিশেহারা। যেভাবে শুরু করেছেন মান্ধানা ও শেফালি, তাতে স্পষ্ট—ভারত আজ বড় রানের লক্ষ্যে। ফাইনালের মঞ্চে এমন শুরু কেবল কঠোর বার্তাই নয়, প্রতিপক্ষের উপর মানসিক চাপও। এখন দেখার, এই দাপট ভারতের দুই ওপেনার কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারেন।