স্কটিশ বোর্ড সূত্রে জানা যাচ্ছে, খুব শিগগিরই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপের টিকিট হয়তো ‘পড়ে পাওয়া’, কিন্তু মাঠে নেমে সেটাকে ‘ষোলো আনা’ কাজে লাগাতে পুরোদস্তুর বদ্ধপরিকর স্কটল্যান্ড।
.jpeg.webp)
স্কটল্যান্ড টিম
শেষ আপডেট: 25 January 2026 11:24
দ্য ওয়াল ব্যুরো: অপ্রত্যাশিত সুযোগ, তবু প্রস্তুতিতে এতটুকু ঢিলেমি নেই। বাংলাদেশের (Bangladesh) সরে দাঁড়ানোর পর টি-২০ বিশ্বকাপে (ICC Men’s T20 World Cup 2026) জায়গা পেয়ে দ্রুত ভারতে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্কটল্যান্ড (Scotland)। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) ডাক পেয়ে ‘হ্যাঁ’ বলেছে স্কটিশ ক্রিকেট বোর্ড। আর সেই সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিশ্বমঞ্চে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি।
কীভাবে এল বিশ্বকাপের ডাক?
বাংলাদেশের সিদ্ধান্তের পর শুক্রবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহের (Jay Shah) নেতৃত্বে জরুরি বৈঠক বসে। অন্তিম চেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) বিষয়টি ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (Dispute Resolution Committee) পাঠাতে চাইলেও, তারা স্পষ্ট জানিয়ে দেয়—এটা কোনও আপিলের মঞ্চ নয়। ফলে আইসিসির হাতে মুস্তাফিজুরদের বাদ দেওয়া ছাড়া আর কোনও বিকল্প থাকেনি।
এর পরই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় স্কটল্যান্ডকে। ইউরোপিয়ান কোয়ালিফিকেশন পথে সরাসরি যোগ্যতা অর্জন না করলেও, আগের টি-২০ বিশ্বকাপগুলিতে ধারাবাহিক উপস্থিতি এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স স্কটল্যান্ডের পক্ষে গিয়েছে। পাঁচবার বিশ্বকাপ খেলা স্কটিশ দল ২০২২ ও ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের সংস্করণেও অংশ নিয়ে অস্ট্রেলিয়া (Australia) ও ইংল্যান্ডের (England) মতো শক্তিশালী দলকে যথেষ্ট চাপে ফেলেছিল।
‘অস্বাভাবিক পরিস্থিতি, তবু গর্বের সুযোগ’
আইসিসির আমন্ত্রণপত্র পাওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের (Cricket Scotland) সিইও ট্রুডি লিন্ডব্লাড (Trudy Lindblade)। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আজই আইসিসির কাছ থেকে চিঠি পেয়েছি। জিজ্ঞেস করা হয়, আমরা কি টি-২০ বিশ্বকাপে খেলতে রাজি? আমরা সম্মতির উত্তর দিয়েছি।’
লিন্ডব্লাড স্পষ্ট করে দেন, এই সুযোগের পেছনে যে জটিল প্রেক্ষাপট রয়েছে, সেটাও বিলক্ষণ বুঝেছেন। তাঁর কথায়, ‘আমরা আইসিসির কাছে কৃতজ্ঞ। এই সুযোগটা এসেছে কিছু কঠিন ও ব্যতিক্রমী পরিস্থিতির মধ্য দিয়ে। তবু আমাদের খেলোয়াড়দের কাছে এটা দারুণ এক মঞ্চ—বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ!’ তিনি আরও জানান, স্কটিশ স্কোয়াড ইতিমধ্যেই আগামী সিরিজগুলোর কথা মাথায় রেখে অনুশীলন শুরু করেছিল। এখন পরিকল্পনা একটাই—যত দ্রুত সম্ভব ভারতে এসে স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া।
গ্রুপ, সূচি আর সামনে বড় চ্যালেঞ্জ
বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে গ্রুপ সি-তে (Group C)। সেখানে তাদের সঙ্গী ইংল্যান্ড (England), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), ইতালি (Italy) ও নেপাল (Nepal)। স্কটল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু ৭ ফেব্রুয়ারি, কলকাতায়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর ৯ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে (Eden Gardens), প্রতিপক্ষ ইতালি। একই মাঠে ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ, তারপর ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে (Mumbai) নেপালের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ লড়াই।
স্কটিশ বোর্ড সূত্রে জানা যাচ্ছে, খুব শিগগিরই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। বিশ্বকাপের টিকিট হয়তো ‘পড়ে পাওয়া’, কিন্তু মাঠে নেমে সেটাকে ‘ষোলো আনা’ কাজে লাগাতে পুরোদস্তুর বদ্ধপরিকর স্কটল্যান্ড। বড় দলের বিরুদ্ধে লড়াইয়ে বারবার চমক দেওয়া এই দল এবার সুযোগ পেয়ে কতটা দূর যেতে পারে—সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।