দীর্ঘ আলোচনা শেষে গত ২২ জানুয়ারি বাংলাদেশ দলের (Bangladesh Cricket) খেলোয়াড়দের মতামত নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

আইসিসিকে তোপ পিসিবি চেয়ারম্যানের
শেষ আপডেট: 24 January 2026 21:50
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) নিয়ে নয়া বিতর্কের সূত্রপাত। বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারত সফর না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। আর সেই প্রেক্ষিতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-র চেয়ারম্যান মহসিন নকভি (Pakistan Cricket Board chairman Mohsin Naqvi)। তাঁর অভিযোগ, বাংলাদেশের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং একই পরিস্থিতিতে এক দেশের জন্য আলাদা নিয়ম চালু করে আইসিসি দ্বৈত মানসিকতার পরিচয় দিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) হঠাৎ ছেড়ে দেওয়ার পর থেকেই দলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়। তাই ভারতে না গিয়ে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানানো হয়। বাংলাদেশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল, ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজন করা হোক তাদের ম্যাচ (Change venue from India to Sri Lanka)। কিন্তু আইসিসি সেই প্রস্তাব একেবারেই মানতে রাজি হয়নি।
দীর্ঘ আলোচনা শেষে ২২ জানুয়ারি বাংলাদেশ দলের (Bangladesh Cricket) খেলোয়াড়দের মতামত নিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে আইসিসি তাদের আবেদনও খারিজ করে দেয়। এরপর শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করে।
এই প্রসঙ্গে নকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। আইসিসি-র বৈঠকেও আমি বলেছি, এক দেশের ক্ষেত্রে এক নিয়ম আর অন্য দেশের ক্ষেত্রে আরেক নিয়ম চলতে পারে না। বাংলাদেশকে যেকোনও অবস্থাতেই বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত ছিল।”
পাকিস্তানও কি তবে বিশ্বকাপ বয়কটের পথে? এমন প্রশ্নে পিসিবি প্রধান স্পষ্ট জানান, পাকিস্তানের অংশগ্রহণ পুরোপুরি সরকারের সিদ্ধান্তে নির্ভর করবে। তিনি বলেন, "পাকিস্তান সরকারের নির্দেশই আমাদের চূড়ান্ত মত। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত জানানো হবে। আমরা আইসিসি নই, সরকারের নির্দেশ মানি।” পাশাপাশি তিনি জানান, 'প্রয়োজনে প্ল্যান এ, বি, সি, ডি- সব রকম বিকল্প প্রস্তুত আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে।'
পাকিস্তান যেভাবে ‘হাইব্রিড মডেল’-এ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলে, সেই একই সুবিধা বাংলাদেশকেও দেওয়া উচিত বলে মত নকভির। তাঁর দাবি, সদস্য হিসেবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সকলের সমান অধিকার রয়েছে। আর কোনও দেশ অন্য দেশের ওপর শর্ত চাপিয়ে দিতে পারে না। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপ এ-র অংশ হিসেবে কলম্বোয় ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান।