দেশ যখন নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত, তখন নেতৃত্ব বদলের এই আলোচনাকে অনেকেই অযৌক্তিক বলছেন। এই আবহে অঞ্জুমের বক্তব্যে স্পষ্ট—তিনি এখনও পুরোপুরি হরমনপ্রীতের পাশে।
.jpeg.webp)
অঞ্জুম ও হরমনপ্রীত
শেষ আপডেট: 10 November 2025 13:49
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের উল্লাস এখনও থামেনি। নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (DY Patil Stadium) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলা একদিনের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। পুরো দেশ তখন আনন্দে মাতোয়ারা। কিন্তু ঠিক সেই সময়েই শুরু নতুন বিতর্ক। বিষয়—নেতৃত্ব থেকে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) সরানো উচিত কি না!
প্রাক্তন ভারত অধিনায়ক শান্তা রঙ্গস্বামী (Shantha Rangaswamy) একটি সাক্ষাৎকারে জানান, হরমনপ্রীতের এখন নেতৃত্বের চাপ না নিয়ে ব্যাটিং আর ফিল্ডিংয়ে মন দেওয়া উচিত। তাঁর মতে, দলের ভবিষ্যতের কথা ভেবে এখনই নতুন নেতৃত্ব চিন্তা করা দরকার।
মন্তব্য ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমর্থন করেছেন, আবার অনেকেই বলেছেন—ঠিক এই সময় এমন মন্তব্য দলের জয়কে খাটো করে দেখার মতো।
এই ইস্যুতেই মুখ খুলেছেন আরেক প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া (Anjum Chopra)। এনডিটিভিকে (NDTV) দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি শান্তার বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরাসরি বলেন, ‘প্রতিটি বিশ্বকাপের পরই এমন একটা মন্তব্য আসে। শেষ চার–পাঁচটা টুর্নামেন্ট দেখলেই বুঝবেন—ভারত হারলে বলে হরমনকে বাদ দাও, ভারত জিতলেও বলে হরমনকে বাদ দাও!’ আরও যোগ করেন, ‘এই মুহূর্তে আমি আসলে এই বিষয়ে কিছু বলতে চাই না। কারণ এতে দলের জয়ের আনন্দটাই নষ্ট হবে।’
অঞ্জুমের সঙ্গে হরমনপ্রীতের সম্পর্ক বহু পুরনো। ভারত অধিনায়ক নিজেও একাধিকবার জানিয়েছেন, ক্রিকেটের প্রথম দিকে অঞ্জুমই তাঁকে গাইড করেছিলেন। সেই সূত্রেই প্রাক্তন অধিনায়ক বলেন, ‘আমি ওকে প্রথম দেখি যখন ও ঘরোয়া ক্রিকেটে আমাদের সঙ্গে খেলছিল। পরে আমরা সবাই মুম্বইয়ে চ্যালেঞ্জার ট্রফিতে ছিলাম। তখনই বুঝে যাই—এই মেয়েটা আলাদা। অনূর্ধ্ব–১৯ দলে খেললেও ওর পাওয়ার হিটিং দেখেই বোঝা গিয়েছিল, ওর মধ্যে বড় ম্যাচ খেলার চরিত্র আছে।’
এরপর জুড়ে দেন, ‘হরমনের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও খেলেছি। তখন থেকেই বুঝেছিলাম, ওর মধ্যে এমন কিছু আছে যা বাকিদের থেকে আলাদা। প্রথম দিন থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্যও মনে হয়নি ও ম্যাচ জেতাতে পারবে না। তাই আমি সবসময় বলেছি, হরমনই আমাদের সঠিক নেতা।’
দেশ যখন নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত, তখন নেতৃত্ব বদলের এই আলোচনাকে অনেকেই অযৌক্তিক বলছেন। এই আবহে অঞ্জুমের বক্তব্যে স্পষ্ট—তিনি এখনও পুরোপুরি হরমনপ্রীতের পাশে।