সূর্যের এই সদিচ্ছা প্রশংসনীয়। কিন্তু তার সূত্রে দানা বেঁধেছে অস্বস্তিকর বিতর্ক। কেন্দ্রে একটাই সওয়াল: আগামী দিনে যদি শক্তিশালী টিমের বিরুদ্ধে একই পরিস্থিতি তৈরি হয়, ভারত অধিনায়ক কী করবেন?

সূর্যকুমার যাদব
শেষ আপডেট: 11 September 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ে (Dubai) এশিয়া কাপে (Asia Cup 2025) প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত। কিন্তু নিষ্প্রাণ ম্যাচে হঠাৎ করেই মশলা আমদানি করল শিবম দুবের ‘টাওয়েল’!
অদ্ভুত এক ঘটনা। যার কেন্দ্রে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) ব্যাটার জুনায়েদ সিদ্দিকি (Junaid Siddique)। ক্রিজের বাইরে যখন হাঁটাহাঁটি করছেন, তখন উইকেটকিপার সঞ্জু স্যামসনের (Sanju Samson) ঝটকা থ্রোয়ে বেলস উড়ে যায়। রিপ্লেতে গোটা বিষয়টি স্পষ্ট ধরা পড়ে। থার্ড আম্পায়ারও আউটের সিদ্ধান্ত জানান।
কিন্তু এই রায়ের মধ্যেই উসকে ওঠে ‘টাওয়েল ড্রামা’! জুনায়েদ দাবি করেন, বোলার শিবম দুবের (Shivam Dube) কোমর থেকে খসে পড়া তোয়ালে তাঁকে ‘বিভ্রান্ত’ করেছে। তিনি মনোযোগ হারিয়েছেন। তারপরেই ছেড়েছেন ক্রিজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আউট। এতে সন্দেহ নেই। কিন্তু আমিরশাহির ব্যাটারের কথা শুনে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সবাইকে চমকে দিয়ে আপিলই তুলে নেন! ফলে ডাগ আউটে না ফিরে ক্রিজেই রয়ে যান জুনায়েদ।
#DPWorldAsiaCup2025 | #INDvsUAE
Captain Suryakumar Yadav's heart winning gesture.
- Calls the batsman back to the crease and withdraws the appeal of the wicket.pic.twitter.com/Yj3Decu5mR— Kshitij (@Kshitij45__) September 10, 2025
ম্যাচ শেষ হতে না হতেই সূর্যকুমারের এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক। প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার (Aakash Chopra) সোজাসাপ্টা প্রশ্ন, ‘১৪ সেপ্টেম্বর যদি পাকিস্তানের (Pakistan) অধিনায়ক সলমন আঘা (Salman Ali Agha) এভাবে হাঁটতে হাঁটতে উইকেট খোয়াতেন, আর ম্যাচ যদি হাড্ডাহাড্ডি হত, তখন কি সূর্য একই সিদ্ধান্ত নিতেন?’
নিজের যুক্তি গুছিয়ে নিয়ে আকাশের সংযোজন, ‘সঞ্জুর উপস্থিতবুদ্ধিতে দুর্দান্ত রানআউট। আম্পায়ার রায় দিয়েছেন। ওভাবে তো ‘আউট’-ই হওয়া উচিত। কিন্তু একবার যদি ‘স্পোর্টসম্যানশিপ’ আর নৈতিকতার দোহাই আনো, তাহলে কাল থেকে প্রশ্ন উঠবে—আজ করলে কাল কেন করবে না? তখনই আসবে কপটতার অভিযোগ!’ সেই সঙ্গে যোগ করেন, ‘ব্যাট ছুঁয়ে গেলে যদি তুমি নিজেই ক্রিজ ছেড়ে চলে যাও, তাহলে সেটা খেলোয়াড়সুলভ আচরণ। কিন্তু একদিন যদি সেটা না করো, তখনই তোমাকে ভণ্ড দেখাবে। তাই এসবের মধ্যে না গিয়ে নিয়ম যেখানে যেটা বলে, সেটাই মেনে চলা ভালো!’
অর্থাৎ, সূর্যের এই সদিচ্ছা প্রশংসনীয়। কিন্তু তার সূত্রে দানা বেঁধেছে অস্বস্তিকর বিতর্ক। কেন্দ্রে একটাই সওয়াল: আগামী দিনে যদি শক্তিশালী টিমের বিরুদ্ধে একই পরিস্থিতি তৈরি হয়, ভারত অধিনায়ক কী করবেন? তখনও কি একইভাবে প্রতিপক্ষকে ফিরিয়ে আনবেন?
জবাবটা ভাল দিতে পারবেন একমাত্র সূর্য!