আমি মনে করি চাপ থাকবে। এই কারণেই ভারত-পাকিস্তানের ম্যাচটি মহিলা বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে। অন্যথায়, এটি খুব একটা গুরুত্বপূর্ণ হতো না, কারণ ভারতীয় মহিলা দল আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 3 October 2025 20:30
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ২০২৫-এ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল তীব্র বিতর্ক (Asia Cup 2025 Controversy)। তবে, জাতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষক সাবা করিম (Saba Karim) বিশ্বাস করেন, সাম্প্রতিক এশিয়া কাপ বিতর্ক কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দলের (India vs Pakistan) আইসিসি ওডিআই বিশ্বকাপের ম্যাচে (Women’s ODI World Cup 2025) বড় প্রভাব ফেললেও হরমনপ্রীত কউরের দল বাইরের আলোচনা নিয়ে খুব বেশি চিন্তিত হবে না এবং চাপ সামলাবে।
সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের তিনটি ম্যাচে ভারতীয় পুরুষ দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিল। খেতাব জয়ের পরেও টিম ইন্ডিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সেই বিতর্কের রেশ এখনও রয়ে গিয়েছে।
রবিবার মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে ভারতীয় মহিলা খেলোয়াড়রা কি চাপে থাকবেন? করিম উত্তরে বলেন, "আমি মনে করি চাপ থাকবে। এই কারণেই ভারত-পাকিস্তানের ম্যাচটি মহিলা বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে। অন্যথায়, এটি খুব একটা গুরুত্বপূর্ণ হতো না, কারণ ভারতীয় মহিলা দল আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে।"
করিম আরও বলেন, "ভারতের জন্য সবচেয়ে ভাল হবে বাইরের এই সমস্ত আলোচনা উপেক্ষা করে খেলায় মনোযোগ দেওয়া। ভারতীয় দলের অভিজ্ঞতা বিবেচনা করলে, এই ধরনের বিতর্ক সত্ত্বেও তারা ভাল পারফর্ম করবে। এশিয়া কাপের সময় ভারতীয় পুরুষ ক্রিকেট দল যেমন করেছিল, ঠিক তেমনই কলম্বোতে ওয়ানডে বিশ্বকাপে হরমনপ্রীত এবং তাঁর দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবে না।"
আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে কি না জানতে চাইলে করিম বলেন, "ওই পরিমাণে নয়, ওই স্তরেও নয়। তবে আমার মনে হয়, বিসিসিআই তাদের অবস্থান খুব স্পষ্ট করে দিয়েছে যে, ভারতীয় মহিলা দল এশিয়া কাপে ভারতীয় পুরুষ দল যেমন আচরণ করেছিল, তেমনই আচরণ করবে।"