এই বছর এটি তৃতীয়বারের মতো ঘটল, যখন ভারতীয় ব্যাটাররা টেস্ট ম্যাচের এক ইনিংসে তিন বা ততোধিক সেঞ্চুরি করেছেন।

ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা
শেষ আপডেট: 3 October 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের (India vs West Indies, First Test) সবে মাত্র শেষ হয়েছে দুই দিন। আর এর মধ্যেই জয়ের গন্ধ পেতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে সিরাজ-বুমরাহর বল হাতে দাপট ও পরে রাহুল-জুরেল-জাদেজা ত্রয়ীর দাপটে ওয়েস্ট ইন্ডিজের ত্রাহি ত্রাহি রব। এই তিন ভারতীয় ব্যাটার (Team India Batter) এদিন এমন একটি কৃতিত্ব অর্জন করেছেন যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে চতুর্থবারের মতো ঘটল। এর মাধ্যমে ভারত ১৮ বছরের খরার (18 years drought) অবসান ঘটিয়েছে।
শুক্রবার দ্বিতীয় দিন শেষে টিম ইন্ডিয়া পাঁচ উইকেট হারিয়ে ৪৪৮ রান করেছে। ভারত এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ২৮৬ রানে। ম্যাচের যা অবস্থা তাতে এই টেস্ট পাঁচ দিন গড়ানো দূরে থাক, তিনদিনেই না শেষ হয়ে যায়।
এই ম্যাচে তিনজন ভারতীয় ব্যাটার সেঞ্চুরি (3 Centuries in an innings) করেছেন। এই বছর এটি তৃতীয়বারের মতো ঘটল, যখন ভারতীয় ব্যাটাররা টেস্ট ম্যাচের এক ইনিংসে তিন বা ততোধিক সেঞ্চুরি করেছেন। সর্বশেষ এরকম ঘটেছিল ২০২৫ সালের অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে। হেডিংলি টেস্টে শতক হাঁকিয়েছিলেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ।
পাশাপাশি ভারতীয় ক্রিকেট ইতিহাসে এটি চতুর্থবারের মতো ঘটল, যখন এক ক্যালেন্ডার বছরে তিনজন ভারতীয় ব্যাটার এক টেস্ট ইনিংসে তিনটি সেঞ্চুরি করলেন। প্রথমটি ঘটেছিল ১৯৭৯ সালে, তারপরে ১৯৮৬ এবং সর্বশেষ ২০০৭ সালে।
ভারতের হয়ে কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা এদিন সেঞ্চুরি করেছেন। জাদেজা ১০৪ রানে অপরাজিত আছেন। কেএল রাহুল ১০০ এবং জুরেল ১২৫ রান করে আউট হন।