রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সফর শেষ হলেই বিরাট লন্ডনে ফিরে যাবেন। তবে বিজয় হাজারে চলাকালীন বেঙ্গালুরুতে দিল্লি ক্যাম্পে যোগ দিতে পারেন।
.jpeg.webp)
বিরাট কোহলি
শেষ আপডেট: 30 November 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: টেস্ট আর টি-২০ থেকে অবসর নিয়েছেন। ওয়ানডেতে নিজেদের জায়গা আঁকড়ে ধরতেও লড়াই করতে হচ্ছে বিরাট কোহলি (Kohli) ও রোহিত শর্মাকে (Rohit)। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) স্পষ্ট জানিয়ে দিয়েছে—জাতীয় দলে থাকতে হলে দু’জনকেই খেলতে হবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy), দেশের প্রধানতম একদিনের ক্রিকেট টুর্নামেন্ট!
রোহিত আগেই ইঙ্গিত দিয়েছিলেন—তিনি চাইলে ঘরোয়া ক্রিকেটে ফিরতে প্রস্তুত। এবার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, কোহলিও পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হলেই তিনি দিল্লির হয়ে কয়েকটি ম্যাচ খেলতে চান।
অজিত আগরকর (Ajit Agarkar)-নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নাকি দু’জনের দিকেই কড়া নজর রাখছে, ফিটনেস বা ফর্মে সামান্য হোঁচটকে ‘বড় কারণ’ হিসেবে দেখাতে চাইছে, যাতে ভবিষ্যতের দল গড়তে জায়গা খালি করা যায়। তবে কোহলি-রোহিতও ব্যাপারটা বুঝে নিয়েছেন। তাঁদের লক্ষ্য পরিষ্কার—দেশের ওয়ানডে পরিকল্পনায় থাকা।
রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার সফর শেষ হলেই বিরাট লন্ডনে ফিরে যাবেন। তবে বিজয় হাজারে চলাকালীন বেঙ্গালুরুতে দিল্লি ক্যাম্পে যোগ দিতে পারেন। ঠিক কবে ভারতে ফিরবেন, সেটা এখনও স্থির হয়নি। কারণ নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডিডিসিএ (DDCA) এখনও কোহলির কাছ থেকে সরাসরি কোনও বার্তা পায়নি। রিপোর্টে দাবি—অস্ট্রেলিয়া সফরের সময়ই বছরের বাকি ক্যালেন্ডার নিয়ে নিজের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন তিনি।
বোর্ডের অবস্থান স্পষ্ট—জাতীয় দলে থাকতে চাইলে ঘরোয়া টুর্নামেন্টে গা ঘামাতেই হবে। রোহিত যেমন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (Mumbai Cricket Association) আগেই জানিয়ে দেন, তিনি ঘরোয়া ক্রিকেট খেলতে ইচ্ছুক। সেই তালিকায় এবার যোগ হল কোহলির নামও, অন্তত রিপোর্ট তাই বলছে।
এখন নজরে—দক্ষিণ আফ্রিকা সিরিজের পর কোহলি ঠিক কবে দিল্লি দলের সঙ্গে যুক্ত হন এবং বিজয় হাজারে-তে ঠিক কতগুলি ম্যাচ খেলেন। তাঁর প্রত্যাবর্তন ঘরোয়া ক্রিকেটে বড় বার্তা আনতে পারে, বিশেষত যখন নির্বাচকেরা স্পষ্ট করে দিয়েছেন—ফর্মে ফাঁক থাকলে কোনও ছাড় নেই!