আমরা কোনও গ্যারান্টি দিতে পারি না, তবে এশিয়া কাপকে ডব্লিউসিএলের মতো একটি ব্যক্তিগত ইভেন্টের সঙ্গে তুলনা করা ঠিক নয়।

ভারত বনাম পাকিস্তান
শেষ আপডেট: 7 August 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ (Asia Cup Cricket)। ভারত-পাকিস্তান সাম্প্রতিক আবহের কারণে এবারের টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates)। ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এর পরই তারা ১৪ সেপ্টেম্বর দুবাই অন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তানের (India vs Pakistan)। ১৯ সেপ্টেম্বর টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওমানের।
এদিকে ভারত-পাকিস্তান সাম্প্রতিক আবহে এই দুই দল মুখোমুখি হবে কি না, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ভারতীয় সমর্থকরা দাবি করেছেন, কোনও মতেই পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ নয়। ঠিক একই দাবি নাকি উঠেছে পাকিস্তানেও। সম্প্রতি ভারত চ্যাম্পিয়নস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫-এ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। টিম ইন্ডিয়া প্রথম লিগ রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। এর পরে, যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন দল তাদের সিদ্ধান্তে অটল থাকে এবং পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচও বয়কট করে। এদিকে, ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতেও পাকিস্তান অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
তবে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)। তাঁর বিশ্বাস এশিয়া কাপে অন্তত সেরকম পরিস্থিতি তৈরি হবে না।
এবারের এশিয়া কাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। কিন্তু হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে আমিরশাহিতে। ভারত ও পাকিস্তান আগেই জানিয়েছিল, তারা একে অপরের দেশে খেলতে আসবে না। তাই আমিরশাহিকে বেছে নেওয়া হয়েছে ভেন্যু হিসাবে। দুই দেশের সম্মতিতে ২০২৭ সাল পর্যন্ত হাইব্রিড মডেলেই খেলবে ভারত ও পাকিস্তান।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ECB) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তিনি বলেন, “আমরা কোনও গ্যারান্টি দিতে পারি না, তবে এশিয়া কাপকে ডব্লিউসিএলের মতো একটি ব্যক্তিগত ইভেন্টের সঙ্গে তুলনা করা ঠিক নয়। যখন এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আগে থেকেই সরকারি অনুমতি নেওয়া হয়। দেশগুলি তাদের সময়সূচী ঘোষণা করার আগেই এটি করা হয়েছে। তাই আশা করি, আমরা ডব্লিউসিএলের মতো পরিস্থিতিতে পড়ব না।”
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। গ্রুপ পর্বে উভয় দল একবার করে মুখোমুখি হবে। এর পরে, তারা সুপার ফোর পর্বে একে অপরের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। যদি উভয় দল ফাইনালে পৌঁছয়, তাহলে তাদের মধ্যে তৃতীয় ম্যাচও খেলা হতে পারে।