পরিস্থিতি সরল। পাকিস্তানের সিদ্ধান্ত যদি বদল না হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে নতুন পতাকা ওড়াতে পারে উগান্ডা। কথার কথা নয়—ক্রিকেটের হিসেবেই এই মুহূর্তে এটা সবচেয়ে বাস্তবসম্মত সমীকরণ।

ছবি: গুগল
শেষ আপডেট: 3 February 2026 10:30
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ টি–২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সূচি ঘোষণা হতেই নতুন করে ঝড় উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তান (Pakistan) সরকার জানিয়ে দিয়েছে—তারা টুর্নামেন্টে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের (India) বিরুদ্ধে গ্রুপ ম্যাচ বয়কট করবে। এই সিদ্ধান্তে একদিকে যেমন অংশগ্রহণ নিয়ে জল্পনার অবসান হয়েছে, অন্যদিকে তেমনি দানা বেঁধেছে বড়সড় কূটনৈতিক ও ক্রিকেটীয় বিতর্ক।
এই সিদ্ধান্তের পেছনে বাংলাদেশের (Bangladesh) প্রসঙ্গ। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সফরে যেতে অস্বীকার করায় মুস্তাফিজুরদের আগেই প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানের এই অবস্থানকে অনেকে বাংলাদেশের পাশে দাঁড়ানো বা ‘সংহতির বার্তা’ হিসেবে দেখছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে বিষয়টি মোটেও স্বস্তিদায়ক নয়।
আইসিসির কড়া অবস্থান, কী শাস্তি ঝুলছে?
আইসিসি (ICC) প্রকাশ্যে পিসিবি-কে (PCB) তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। পাশাপাশি স্পষ্ট বার্তা—এই বয়কটের দীর্ঘমেয়াদি প্রভাব পাকিস্তানের ক্রিকেটের জন্য মারাত্মক হতে পারে। এনডিটিভি (NDTV) সূত্রের খবর অনুযায়ী, আইসিসির চেয়ারম্যান জয় শাহের (Jay Shah) নেতৃত্বে বোর্ড ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। পাকিস্তান যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবস্থান না বদলায়, তাহলে যে শাস্তিগুলো টেবিলে রয়েছে, সেগুলো কার্যত নজিরবিহীন—
প্রথমত, সম্পূর্ণ নির্বাসন। সাতের দশকের দক্ষিণ আফ্রিকার মতো পাকিস্তানকে সব আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাসপেন্ড করা হতে পারে।
দ্বিতীয়ত, ‘এনওসি ফ্রিজ’। পাকিস্তান সুপার লিগে (PSL) বিদেশি ক্রিকেটারদের খেলতে ছাড়পত্র না দেওয়া, যার ফলে লিগ কার্যত অচল হয়ে পড়বে।
তৃতীয়ত, আর্থিক কোপ। আইসিসি–র বার্ষিক রাজস্ব ভাগ থেকে পাকিস্তানের প্রায় ৩৪.৫ মিলিয়ন ডলার আটকে দেওয়া হতে পারে।
এই তিনটি পদক্ষেপের যেকোনও একটি বাস্তবায়িত হলেই পাকিস্তানের বিশ্বকাপে থাকা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াতে পারে।
কেন উগান্ডাই প্রথম বিকল্প?
এই জায়গাতেই আলোচনায় আসছে উগান্ডা (Uganda)। যদি পাকিস্তানকে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরানো হয়, তাহলে আইসিসির নিয়ম অনুযায়ী জায়গা পাবে র্যাঙ্কিংয়ের বিচারে সেরা দল—যারা মূল ২০ দলের বাইরে রয়েছে। সেই তালিকার শীর্ষে উগান্ডা। বস্তুত, আগেও এমন নজির রয়েছে। চলতি বছরের টুর্নামেন্টে বাংলাদেশ বাদ পড়ার পর ঠিক এই নিয়মে স্কটল্যান্ডকে (Scotland) সুযোগ দেওয়া হয়েছিল। তাই উগান্ডার ঢুকে পড়া কোনও কল্পকাহিনি নয়, বরং পুরোপুরি প্রক্রিয়াগত সম্ভাবনা।
বাংলাদেশের প্রত্যাবর্তনের কথাও শোনা যাচ্ছে বটে, কারণ পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় (Sri Lanka) হওয়ার কথা—যা বাংলাদেশের আগের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ, বাংলাদেশকে সরানোর সময় আইসিসি এতটুকু নরম হয়নি।
সব মিলিয়ে পরিস্থিতি সরল। পাকিস্তানের সিদ্ধান্ত যদি বদল না হয়, তাহলে আসন্ন বিশ্বকাপে নতুন পতাকা ওড়াতে পারে উগান্ডা। কথার কথা নয়—ক্রিকেটের হিসেবেই এই মুহূর্তে এটা সবচেয়ে বাস্তবসম্মত সমীকরণ।