বিশ্বকাপের আগে মাঠে বল গড়ানোর আগেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। এখন দেখার, পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়—আর আইসল্যান্ডের ‘ফ্লাইট’ আদৌ উড়ান পায় কিনা!

আইসল্যান্ডের বাণে বিদ্ধ পাকিস্তান
শেষ আপডেট: 29 January 2026 11:38
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ শুরু হতে আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। অথচ এখনও অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। এই দমচাপা অনিশ্চয়তার মধ্যে পরিস্থিতিকে হাল্কা করল আইসল্যান্ড ক্রিকেট (Iceland Cricket)। সামাজিক মাধ্যমে তাদের ব্যঙ্গাত্মক প্রস্তাব, যেখানে লেখা: ‘পাকিস্তান না খেলতে চাইলে আমরা রেডি’, ইতোমধ্যে ভাইরাল!
কী বলেছে আইসল্যান্ড ক্রিকেট?
বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) একটি মজার পোস্ট করে আইসল্যান্ড ক্রিকেট। সেখানে লেখা হয়, ‘টি–২০ বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, সেটা আমাদের খুব তাড়াতাড়ি জানা দরকার। ২ ফেব্রুয়ারি যদি ওরা সরে দাঁড়ায়, আমরা সঙ্গে সঙ্গে রওনা দিতে পারি। যদিও কেফলাভিক থেকে কলম্বো পৌঁছনোটা লজিস্টিক্যাল দুঃস্বপ্ন! আমাদের ওপেনিং ব্যাটার তো ইনসমনিয়াক—ঘুমই হয় না!’
শুধু কথাতেই থামেনি তারা। পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কেফলাভিক থেকে কলম্বো যাওয়ার একটি ফ্লাইট সার্চের স্ক্রিনশট। শেষ মুহূর্তে বিশ্বকাপে ঢোকার ভাবনাকে পুরোপুরি ‘ট্রোল’ মোডে নিয়ে গিয়েছে আইসল্যান্ড ক্রিকেট।
কেন এই অনিশ্চয়তা পাকিস্তানকে ঘিরে?
পাকিস্তানের অবস্থান এখনও স্পষ্ট নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) ইতিমধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের সারাৎসার—শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গোটা টানাপড়েনের সূত্রপাত আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এক সিদ্ধান্তে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) এবং দেশের অন্তর্বর্তী সরকার ভারতে টি–২০ বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় মুস্তাফিজুরকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। তাদের জায়গায় নেওয়া হয় স্কটল্যান্ডকে (Scotland)।
এহেন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে পাকিস্তান। তাদের মতে, এক দেশের নিরাপত্তা যুক্তি মানলে অন্য দেশের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। সেই প্রতিবাদ থেকেই বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা সংক্রান্ত আলোচনা শুরু।
মাঠের বাইরে ‘মজা’, মাঠের ভিতরে প্রস্তুতি
মজার বিষয়, এই সব নাটকের মধযে পাকিস্তান কিন্তু ২০ দলের টি–২০ বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ, মাঠের বাইরে যতই অনিশ্চয়তা থাকুক, মাঠের প্রস্তুতি থামেনি। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই শূন্যতা যে আইসল্যান্ড ক্রিকেটের মতো ছোট বোর্ডগুলিকে রসিকতার সুযোগ দেবে, তা বলাই বাহুল্য।
এক কথায়, বিশ্বকাপের আগে মাঠে বল গড়ানোর আগেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল। এখন দেখার, পাকিস্তান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়—আর আইসল্যান্ডের ‘ফ্লাইট’ আদৌ উড়ান পায় কিনা!