সম্পূর্ণ বয়কটের পথে গেলে পিসিবির সামনে আরও বড় বিপদ। আইসিসি তখন বাবরদের দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে নির্বাসন কিংবা পাকিস্তান সুপার লিগের জন্য বিদেশি খেলোয়াড়দের এনওসি বন্ধ অথবা এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড
শেষ আপডেট: 27 January 2026 17:36
দ্য ওয়াল ব্যুরো: টি–২০ বিশ্বকাপ নিয়ে কার্যত দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board – PCB)। পুরো টুর্নামেন্ট বয়কট করলে একদিকে যেমন আইসিসি-র (ICC) কড়া শাস্তির মুখে পড়তে হবে, তেমনই শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললেও ঘোরতর বিপদ। বিতর্কিত ‘সম্ভাব্য’ সিদ্ধান্তের উপর ঝুলছে প্রায় ৩৮ মিলিয়ন ডলারের মামলা—ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩১৫ কোটির টাকার কাছাকাছি। সরকারি সবুজ সঙ্কেতের অপেক্ষায় থাকলেও, আদতে পিসিবির সামনে বিকল্প ক্রমেই সঙ্কুচিত হচ্ছে।
পুরো বয়কট বা ভারত ম্যাচ না খেলা—সমান বিপজ্জনক
পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেটের প্রতি সংহতি জানাতে তিনটি ‘প্রতীকী’ বিকল্প ভেবেছিল পিসিবি—
ক) পুরো টি–২০ বিশ্বকাপ বয়কট
খ) ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ থেকে সরে দাঁড়ানো
গ) কালো আর্মব্যান্ড পরে খেলা বা জয় উৎসর্গ করা
যদিও রেভস্পোর্টজের (RevSportz) রিপোর্ট অনুযায়ী, প্রথম দু’টি বিকল্প কার্যত অচল। কারণ, পিসিবি ইতিমধ্যেই আইসিসির সঙ্গে মেম্বার পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্টে সই করেছে। এই চুক্তি ভাঙলে সরাসরি আইনি ও প্রশাসনিক শাস্তির মুখে পড়তে হবে।
৩১৫ কোটির ধাক্কা কেন?
আসছে ১৫ ফেব্রুয়ারি ভারত–পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। সম্প্রচার দুনিয়ার সবচেয়ে লাভজনক খেলাগুলোর একটি। একাধিক সংস্থার বিজ্ঞাপন, স্পনসরশিপ, ব্র্যান্ডেড শো—সব মিলিয়ে এই একটি ম্যাচের আর্থিক মূল্য প্রায় ৩৮ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩১৫ কোটি টাকা। ভারতের বিরুদ্ধে মাঠে না নামলে সমস্ত সম্প্রচারকারী সংস্থা একজোট হয়ে সরাসরি পিসিবির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা ঠুকতে পারে। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, এই আর্থিক ঝুঁকি পিসিবির পক্ষে বহন করা কার্যত অসম্ভব।
আইসিসির শাস্তি ও সরকারের শেষ সিদ্ধান্ত
এই অবস্থায় সম্পূর্ণ বয়কটের পথে গেলে পিসিবির সামনে আরও বড় বিপদ। আইসিসি তখন বাবরদের দ্বিপাক্ষিক ক্রিকেট থেকে নির্বাসন কিংবা পাকিস্তান সুপার লিগের (PSL) জন্য বিদেশি খেলোয়াড়দের এনওসি বন্ধ অথবা এশিয়া কাপ (Asia Cup) থেকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারে।
এমন আবহে সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi) বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) সঙ্গে। আলোচনা শেষে নকভির বক্তব্য, ‘সব বিকল্প খোলা’। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার অথবা আগামী সোমবার।