দল ঘোষণার পর আগরকর জানান, গিলকে না নেওয়ার সিদ্ধান্ত তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নে নয়। বরং নির্দিষ্ট কাঠামোয় দল সাজানোর পরিকল্পনাই এই সিদ্ধান্তের মূল কারণ।

শুভমন গিল এবং ইশান কিষাণ
শেষ আপডেট: 20 December 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের টি–২০ বিশ্বকাপের দল ঘোষণা (T-20 World Cup) ঘিরে সবচেয়ে বড় চমক - শুভমন গিলের (Subhman Gill) বাদ পড়া। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা ব্যাখ্যা করল নির্বাচক কমিটি (BCCI Selectors)। ব্যক্তিগত প্রতিভার চেয়ে দলের গঠন ও কম্বিনেশনকেই অগ্রাধিকার দিয়েছে নির্বাচক কমিটি, স্পষ্ট করেই জানিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)।
দল ঘোষণার পর আগরকর জানান, গিলকে না নেওয়ার সিদ্ধান্ত তাঁর যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নে নয়। বরং নির্দিষ্ট কাঠামোয় দল সাজানোর পরিকল্পনাই এই সিদ্ধান্তের মূল কারণ। তাঁর কথায়, “ওপেনিংয়ে দু’জন উইকেটকিপার (Wicketkeepers) নিয়ে খেলতে চাইছি। শেষ পর্যন্ত কোন কম্বিনেশন খেলবে, তা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।”
নির্বাচকদের ভাবনায় ব্যাটিং অর্ডারের ওপরে উইকেটকিপার–ব্যাটার রাখা গুরুত্বপূর্ণ হওয়ায় সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ইশান কিষাণ (Ishan Kishan)। পাশাপাশি, মিডল অর্ডারে গভীরতা বাড়াতে দলে নেওয়া হয়েছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। আগরকর বলেন, “কম্বিনেশনের প্রশ্নে কাউকে বাদ পড়তেই হয়। দুর্ভাগ্যজনক ভাবে এই মুহূর্তে সেটা শুভমন গিল।”
এদিকে, ইশান কিষাণের প্রত্যাবর্তন পুরোপুরি ক্রিকেটীয় সিদ্ধান্ত বলেই জানান আগরকর। সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১০ ইনিংসে ৫১৭ রান করার পাশাপাশি ঝাড়খণ্ডকে শিরোপা এনে দিয়েছেন কিষাণ। “সাদা বলের ক্রিকেটে সে ওপরে ব্যাট করে এবং ভাল ফর্মে রয়েছে। এই মুহূর্তে ও-ই সঠিক পছন্দ,” বলেন আগরকর।
তবে শুভমন গিল যে এখনও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন নির্বাচক প্রধান। তাঁর বক্তব্য, “আমরা এখনও মনে করি ও অসাধারণ ব্যাটার। আশা করি পরের বিশ্বকাপে আবার বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবেই ফিরবে।”
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও একই সুরে বলেন, দলের নির্বাচন নির্ভর করছে ভূমিকা ও কাঠামোর উপর, সাময়িক ফর্মের উপর নয়। তাঁর কথায়, “দলে এই মুহূর্তে ওপরে উইকেটকিপার ব্যাটার দরকার। আমি এই দল নিয়ে খুশি।”
ঘরের মাঠে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়াকে বড় দায়িত্ব হিসেবে দেখছেন সূর্যকুমার। সাম্প্রতিক ফর্ম নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক বলেন, “আমি জানি কোথায় কাজ করতে হবে। সময় আছে, ঠিক ফিরে আসব।”
এর আগে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে বড় কথা বলেছিলেন সূর্যকুমার যাদব। তিনি ফাইনালে উঠলে কোন মাঠে এবং কোন প্রতিপক্ষের সঙ্গে খেলতে চান, এই প্রশ্নের উত্তরে বলেছিলেন - নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসাবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।
আসলে ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে (ODI World Cup Final) অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার দলের হার এখনও ভারতীয় ক্রিকেটারদের মনে দগদগে। আগামী টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই সেই দুঃখ ভুলতে চান সূর্যকুমার।
টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিষাণ এবং হর্ষিত রানা।