শনিবার দল ঘোষণা করে দিল বিসিসিআই। বাদ পড়েছেন শুভমন গিল, প্রত্যাবর্তন ঘটেছে ইশান কিষাণের।

ফাইল ছবি
শেষ আপডেট: 20 December 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup)। শনিবার তার জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। বাদ পড়েছেন শুভমন গিল (Shubman Gill), প্রত্যাবর্তন ঘটেছে ইশান কিষাণের (Ishan Kishan)।
দীর্ঘদিন ধরেই চেনা ফর্মে নেই শুভমন গিল। তাই তাঁর বাদ পড়াটা অনেকের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তবে ইশান কিষাণের দলে ফেরা নিয়েও প্রবল চর্চা শুরু হয়েছে। সাম্প্রতিক ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে কিষাণের ফর্ম দেখে অনেকেই তাঁকে দলে নেওয়ার দাবি তুলছিলেন। দেখা গেল, সেই হিসেবেই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
শুভমনের মতো বিশ্বকাপে দলের নেতা সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। কারণ একই - তাঁর সাম্প্রতিক ফর্ম। কিন্তু চেনা ফর্মে না থাকা শুভমন বিশ্বকাপের দলে সুযোগ না পেলেও সূর্যকুমার সুযোগ পেলেন এবং অধিনায়ক হয়েই থাকলেন। এই দলের সহ-অধিনায়ক অক্ষর পটেল।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দল
টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, ইশান কিষাণ এবং হর্ষিত রানা।

এর আগে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলা নিয়ে বড় কথা বলেছিলেন সূর্যকুমার যাদব। তিনি ফাইনালে উঠলে কোন মাঠে এবং কোন প্রতিপক্ষের সঙ্গে খেলতে চান, এই প্রশ্নের উত্তরে বলেছিলেন - নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসাবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।
আসলে ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে (ODI World Cup Final) অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার দলের হার এখনও ভারতীয় ক্রিকেটারদের মনে দগদগে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই সেই দুঃখ ভুলতে চান সূর্যকুমার।