সাক্ষাৎকারের শেষ পর্বে একটু হাল্কা হলেন গম্ভীর। লঘু মেজাজেই জানালেন, বিশ্বকাপ জেতার পর এবার কয়েক মাস হাসতে পারবেন নিশ্চিন্তে।

ধোনি ও গম্ভীর
শেষ আপডেট: 11 March 2026 12:26
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এমএস ধোনি (MS Dhoni)। টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন। আর কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য রাখলেন বিশেষ বার্তা—‘হাসিটা মানায় তোমাকে। তীব্রতার সঙ্গে এই হাসির কম্বিনেশন একদম কিলার!’ সেই পোস্ট মুহূর্তে ভাইরাল। এবার হাসা-না হাসা নিয়ে জবাব দিলেন গম্ভীরও।
ডাগআউটে হাসা এত সহজ নয়
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ধোনির মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের হেডকোচ। কিন্তু সঙ্গে সঙ্গে বলে ফেলেছেন আসল কথাটাও। ‘যারা সমালোচনা করেন, তাঁরা কখনও এই জায়গায় বসেননি। ডাগআউটে বসে থাকলে বোঝা যায়, কতটা চাপ! হাসতে ইচ্ছে করে, কিন্তু পারা যায় না। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে ভারতের হার মেনে নেওয়া যায় না। এটা সত্যি। কিন্তু পরাজয় তো হতেই পারে। সেটা না হলে ভারত সব বিশ্বকাপ জিতত—বাস্তবে তো সম্ভব নয়,’ মন্তব্য গম্ভীরের।
সূর্যদের হেডকোচের কথায় স্পষ্ট, ভারতীয় ক্রিকেটের প্রত্যাশার চাপ কতটা প্রবল। সেই ভার বুকে নিয়ে ডাগআউটে বসে হাসিমুখ ধরে রাখাটা গম্ভীরের কাছে বিলাসিতা।
খেলাধুলোয় পরিশ্রমের গ্যারান্টি নেই
কথাপ্রসঙ্গে গম্ভীর আরও গভীরে যান। শেয়ারবাজারের সঙ্গে খেলাধুলোর পার্থক্য টেনে বলে দেন, ‘শেয়ার বা ইকুইটিতে বিনিয়োগ করলে কতটা রিটার্ন পাবেন, অন্তত একটা ধারণা থাকে। কিন্তু খেলাধুলোয় দেড় বছর সব উজাড় করে দিলেও বিশ্বকাপ জেতার কোনো নিশ্চয়তা নেই। ভেবে দেখুন, যদি সেমিফাইনালে হেরে যেতাম—এত পরিশ্রমের রিটার্ন শূন্য। এটাই খেলাধুলোকে অন্য পেশা থেকে আলাদা করে তোলে!’
এই নির্মম বাস্তবতাই কি গম্ভীরের গম্ভীর মুখের আসল কারণ? চাপ, দায়িত্ব আর অনিশ্চয়তার মিশেলে ডাগআউটে হাসির ফুরসত কম?
সামনের কয়েক মাস হাসার সুযোগ
সাক্ষাৎকারের শেষ পর্বে একটু হাল্কা হলেন গম্ভীর। লঘু মেজাজেই জানালেন, বিশ্বকাপ জেতার পর এবার কয়েক মাস হাসতে পারবেন নিশ্চিন্তে। ধোনির পোস্টটা তাঁকে মনে করিয়ে দিয়েছে সেই কথা। কড়া ধাতের কোচের জবানিতে এই সামান্য রসিকতা—বিশ্বকাপজয়ী টিমের সাফল্যের মতোই—উপভোগ করার।