অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই ব্যাট হাতে ঝড় তুলেছেন শুভমান গিল। হেডিংলি টেস্টে প্রথম শতরান। এরপর এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি, যা ভারতের ৩৩৬ রানের বিশাল জয়ের ভিত গড়ে দেয়।

গাভাসকর ও শুভমান
শেষ আপডেট: 3 August 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: নজরে ছিল ৭৭৪। ওটাই আজ পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটারের একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান। যার মালিক সুনীল গাভাসকর।
শুভমান গিলের সামনে ছিল নয়া নজির গড়ার হাতছানি। প্রথম ইনিংসে ব্যর্থতা ভুলে ওভালের দ্বিতীয় ইনিংসে ভালই এগচ্ছিলেন। কিন্তু আকস্মিক ছন্দপতন। ৯ বল খেলে মাত্র ১১ করেই সাজঘরে ফিরতে হল। ঘাতক ইংরেজ পেসার গাস অ্যাটকিনসন। আর এই কারণে ভাঙা হল না সুনীলের রেকর্ড। ২০ রান দূরে থমকে গেলেন শুভমান। ৭৫৪ রান তুলে তালিকায় দ্বিতীয় হিসেবেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। গাভাসকরের ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ৫৪ বছরের পুরনো ৭৭৪ রানের মাইলফলক এখনও অজেয়, অক্ষত।
যদিও দিনশেষে টিম ইন্ডিয়ার তরুণ অধিনায়ক, যিনি ইংল্যান্ড সফরের আগে ঘরে-বাইরে যথেষ্ট চাপে ছিলেন, তাঁকে কুর্নিশ জানাতে ভুললেন না ক্রিকেট কিংবদন্তি। সাবাশি আর শুভেচ্ছার পাশপাশি শুভমানের হাতে তুলে দিলেন নিজের সই করা ক্যাপ, জার্সি। বললেন, ‘ও আমার রেকর্ড ভাঙতে পারে ভেবেই আমি ওর জন্য এত কিছু নিয়ে এসেছিলাম!’ পরে জুড়ে দিলেন, ‘সবই ঈশ্বরের হাতে। কিন্তু ৭৫৪ রান… দারুণ ব্যাপার। পার্থক্যটা হল, এই রান ও করেছে অধিনায়ক হয়ে। যখন ৭৭৪ করেছিলাম, তখন ভারতীয় দলে আমি নেহাতই শিশু! ব্যর্থ হলে কেউ পাত্তা দিত না। কিন্তু অধিনায়ক হয়ে ৭৫০-এর বেশি রান টিমের ভাগ্যটাই বদলে দিয়েছে। ওই ২০ রান নিয়ে ভাববেন না। দেখুন, এই ৭৫৪ রান ভারতীয় ক্রিকেটে কতটা প্রভাব ফেলেছে!’
প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই ব্যাট হাতে ঝড় তুলেছেন শুভমান গিল। হেডিংলি টেস্টে প্রথম শতরান। এরপর এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি, যা ভারতের ৩৩৬ রানের বিশাল জয়ের ভিত গড়ে দেয়। লর্ডসের টেস্টে ব্যর্থ হলেও ম্যানচেস্টারে আবারও সেঞ্চুরি। যার সুবাদে ফিরলেন স্বভাবসিদ্ধ ছন্দে।
পঞ্চম টেস্টের তৃতীয় দিনের খেলাশেষে সুবিধাজনক জায়গায় ভারত। চতুর্থ দিনের খেলা কিছুক্ষণ বাদেই শুরু হবে। জয়ের জন্য দরকার আট উইকেট। ক্রিস ওকসের চোটে ইংল্যান্ড বেশ চাপে। রান তাড়া করতে গিয়ে তৃতীয় দিনের শেষে তাদের স্কোর ৫০/১। দিনের একেবারে শেষ বলে আউট হয়েছেন জ্যাক ক্রলি। জিততে হলে ইংল্যান্ডের এখনও দরকার ৩২৪ রান।