অধিনায়কের এহেন অবিবেচকের মতো আচরণ দেখে দর্শকরা ক্ষোভ উগরে দিলেন। প্রাক্তন ক্রিকেটাররাও খোলাখুলি সমালোচনা করলেন। যদিও ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) এই নিন্দামন্দ শুনতে নারাজ।

শুভমান গিল
শেষ আপডেট: 1 August 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: দারুণ ছন্দে ছিলেন শুভমান গিল। ওভালের সবুজ উইকেটে ইংল্যান্ডের বোলারদের সামলাচ্ছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, আত্মবিশ্বাসের ঢঙে।
যখন মনে হচ্ছে, ফের একটা বড় রান স্রেফ সময়ের অপেক্ষা, তখনই ঘনিয়ে এল বিপর্যয়। চূড়ান্ত অসতর্কতার মাশুল গুনলেন ভারত অধিনায়ক। তাও ইনিংসের গুরুত্বপূর্ণ মুহূর্ত—২৮তম ওভারে। বল ঠেলেই দৌড় শুরু করেছিলেন গিল। সিঙ্গেলটা ছিল না। সেটা বুঝলেন ক্রিজেরর মাঝামাঝি পৌঁছে। থমকালেন। ফিরে আসার চেষ্টা করলেন। কিন্তু ততক্ষণে গাস অ্যাটকিনসন বল হাতে নিশানা তাক করে ফেলেছেন! এক সেকেন্ডের মধ্যেই এগিয়ে এসে সরাসরি স্টাম্পে আঘাত করলেন। যে কারণে মাত্র ২১ রানে (৩৫ বলে) রান-আউট (Shubhman Gill Run Out) হয়ে সাজঘরে ফিরতে হল শুভমানকে। এই আউট পুরোপুরি আত্মঘাতী সিদ্ধান্ত, যার মূল্য সিরিজ নির্ধারণকারী টেস্টে দলকে চোকাতে হতে পারে বলে মনে করছেন অনেকে।
অধিনায়কের এহেন অবিবেচকের মতো আচরণ দেখে দর্শকরা ক্ষোভ উগরে দিলেন। প্রাক্তন ক্রিকেটাররাও খোলাখুলি সমালোচনা করলেন। যদিও ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) এই নিন্দামন্দ শুনতে নারাজ। গিলকে ছাড় দেওয়ার ঢঙে ম্যাচশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলে দিলেন, ‘আমার মনে হয় ওর (শুভমানের) চেয়ে বেশি বিরক্ত আর কেউ নয়। দুর্দান্ত ফর্মে রয়েছে। আজ যে কায়দায় চল্লিশ মিনিট ব্যাটিং করল, তাতে ওকে সহজ-স্বচ্ছন্দ লাগছিল। কিন্তু ভুল তো হয়-ই। তবে এটাও মানতে হবে, ওই সময়ে ইংল্যান্ড ভাল বোলিং করছিল!’
শুভমানের এই রান-আউট নিয়ে দুশখাতের স্পষ্ট ব্যাখ্যা, ভুলটা ইচ্ছাকৃত নয়। বলেছেন, ‘আমরা সব সময় চাই ব্যাটাররা রান নিতে চেষ্টা করুক, বোলার আর ফিল্ডারদের চাপে রাখুক। তবে এখানে শুভমান ভুল আন্দাজ করেছে। যদিও প্রথম চার টেস্টে ও যেভাবে খেলেছে, তাতে এই খামতি আমরা ক্ষমা করে দিতেই পারি!’
প্রসঙ্গত, প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২০৪/৬। গিলের আউটে ভারত যখন ব্যাটিং ধসের মুখে, তখনই প্রাচীর হয়ে রুখে দাঁড়ান করুণ নায়ার। অর্ধশতরান সেরে ফেলেছেন। আত্মবিশ্বাসী ফুটওয়ার্ক ও সতর্ক ড্রাইভে বড় ইনিংসের ইঙ্গিত স্পষ্ট।
ওভালে ব্যর্থ হলেও শুভমান এই সিরিজে ৭৩৭ রান করে ফেলেছেন, গড় ৯২.১২। ইতিমধ্যে ভেঙেছেন সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজে সর্বাধিক রানের ৪৬ বছরের পুরনো রেকর্ড। যদিও প্রথম ইনিংসে ২১ রানে থেমে যাওয়ায় গাভাসকরের ৭৭৪ রানের মাইলফলক ছোঁয়া আর হলো না। তার জন্য শুভমান যদিও দ্বিতীয় সুযোগ পাবেন।