শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ধ্রুব জুরেলের উপর টিম ম্যানেজমেন্ট কতটা আস্থা রাখছেন, তার উপর দল নির্বাচন অনেকটা নির্ভর করছে। তিনি যদি পাঁচে খেলেন, সেক্ষেত্রে ব্যাটিং গভীরতার হিসেব ও বাছাইয়ের অঙ্ক বদলে যেতে পারে।

টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 31 July 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিল (Shubhman Gill), গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও সিতাংশু কোটাক (Sitangshu Kotak) কাল ওভালের (Oval Test) পিচের সামনে দাঁড়িয়েছিলেন। পর্যবেক্ষণ করছিলেন বাইশ গজে ঘাস আছে কি না। হতে পারে সেটা বোলার বাছাইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু তারপরই তিনজনের নজর চলে যায় দূরে। যেখানে আলাদা করে ব্যাটিং প্রস্তুতি চালাচ্ছিলেন ধ্রুব জুরেল। ঋষভ পন্থের জায়গায় আজ যিনি প্রথম একাদশে নামতে চলেছেন।
বোলার কম্বিনেশন, কতজন সিমার নামবেন, কুলদীপ ঠাঁই পাবেন কি না—তার চাইতেও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পজিশন। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, ধ্রুব জুরেলের উপর টিম ম্যানেজমেন্ট কতটা আস্থা রাখছেন, তার উপর দল নির্বাচন অনেকটা নির্ভর করছে। তিনি যদি পাঁচে খেলেন, সেক্ষেত্রে ব্যাটিং গভীরতার হিসেব ও বাছাইয়ের অঙ্ক বদলে যেতে পারে।
ঋষভ খেললে অতিরিক্ত বোলার কিংবা অলরাউন্ডার নেওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রে সেটা জুটবে না। এই মুহূর্তে সিমার-অলরাউন্ডার বলতে কেবলমাত্র শার্দূল ঠাকুর (Shardul Thakur)। কিন্তু তাঁর বোলিং দক্ষতার উপর অধিনায়ক শুভমান (Shubhman Gill) ততটা আস্থাবান নন। ম্যাঞ্চেস্টারে সেভাবে বলও করাননি। যে কারণে কুলদীপের সুযোগ না পাওয়ার বিতর্ক নতুন করে উস্কে ওঠে। শার্দূল যদি বলই না করেন, তাহলে অভিজ্ঞ রিস্টস্পিনারকে বাইরে বসিয়ে রাখার কী মানে? শুধুমাত্র ব্যাটার হিসেবে একটু পিছিয়ে থাকার খেসারত দিতে হবে কুলদীপকে? প্রশ্ন উঠেছে।
তবুও আজ ওভালে শার্দূলের বাদ পড়ার সম্ভাবনা ক্ষীণ। ব্যাটিং গভীরতাকেই টিম ম্যানেজমেন্ট প্রাধান্য দিতে চাইছে। তাই কুলদীপকে সম্ভবত এবারও ড্রেসিং রুমেই বসে থাকতে হবে।
মঙ্গলবার জুরেল দীর্ঘক্ষণ নেটে গা ঘামান, ব্যাট করেন। বেশ কিছু ক্ষেত্রে অস্বস্তিতে পড়ছিলেন। যদিও ব্যাটিং কোচ জানিয়েছেন, তাঁরা ধ্রুবের উইকেটকিপিং দক্ষতা নিয়ে চিন্তিত নন। তার কারণ, প্রস্তুতি ম্যাচ খেলেছেন। তা ছাড়া আহত ঋষভের জায়গায় পরিবর্ত হিসেবে মাঠেও নেমেছেন দু’বার। কিন্তু পন্থের ব্যাটিং? তার অভাব কতটা ভরাট করতে পারবেন জুরেল? সওয়ালের জবাব মেলেনি।
পাঁচে কি ওয়াশিংটন সুন্দর নামতে পারেন? ম্যাঞ্চেস্টারের ম্যাচ-বাঁচানো ইনিংসের পর প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। দলে এসেছিলেন আট নম্বরে ব্যাট করতে। কিন্তু পন্থের চোটে প্রমোশন পান। তাঁর উপরে ওঠার অর্থ আট নিয়ে দুশ্চিন্তা শুরু। সেক্ষেত্রে কি কোনও অলরাউন্ডার পাঁচে নামবেন? নাকি করুণ নায়ারকে মিডল অর্ডারে ফের একবার (হয়তো অন্তিম) সুযোগ দেওয়া হবে?
ধোঁয়াশা জিইয়ে রাখা হয়েছে বুমরাহর খেলা-না খেলা নিয়েও। যতই বাইরে চাউর হোক দলের প্রধান পেসার খেলবেন না, সাংবাদিক বৈঠকে শুভমান কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, ‘আমরা যা সিদ্ধান্ত নেওয়ার সেটা কাল (পড়ুন আজ) নেব। পিচ বেশ সবুজ দেখাচ্ছে। দেখা যাক, শেষমেশ কী দাঁড়ায়!’
তাহলে অর্শদীপ? একাধিক রিপোর্টে যে দাবি করা হয়েছে, ম্যানেজমেন্ট নাকি তাঁকে তৈরি থাকতে বলেছে, সেটা কি ভুল? এখানেও বুঝেশুনে খেলেছেন শুভমান। বলেছেন, ‘না, না, অর্শদীপ তো অবশ্যই তৈরি! যেমনটা এক্ষুনি জানালাম, যা সিদ্ধান্ত নেওয়ার, সব আগামিকাল নেওয়া হবে। পাঁচ দিন ধরে আবহাওয়া কেমন থাকে, সেটাও মাথায় রাখতে হবে!’
আবহাওয়া যেমনই থাকুক না কেন, ইংরেজ শিবিরের অনুমানের আকাশ যে ঘোলাটে মেঘাচ্ছন্ন, তা স্পষ্ট বোঝা যাচ্ছে।