রোহিত-কোহলি-গিলদের এই দলকে হারানো মানেই আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি। ফলে মার্শের ভাবনা পরিষ্কার—অস্ট্রেলিয়ার জন্য এ এক ‘মেন্টাল অ্যাশেজ ক্যাম্প’।

মিচেল মার্শ
শেষ আপডেট: 13 October 2025 14:56
দ্য ওয়াল ব্যুরো: একদিকে ভারতের (India) বিরুদ্ধে তিনটি ওয়ানডে, পাঁচটি টি-টোয়েন্টি। অন্যদিকে ঠিক তার পরেই শুরু অ্যাশেজের (Ashes 2025–26) মহারণ। সময়ের হিসেবে মাত্র ১২ দিনের ব্যবধান। আর এই ঠাসা সূচির মধ্যেই অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) মনে করছেন—ভারতের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজই নাকি অ্যাশেজের সেরা রিহার্সাল!
অক্টোবরের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ। তিনটি ওয়ানডে হবে মেলবোর্ন (Melbourne), অ্যাডিলেড (Adelaide) ও সিডনিতে (Sydney)। এরপরই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর নভেম্বরের ২০ তারিখেই পার্থে (Perth) শুরু প্রথম অ্যাশেজ টেস্ট।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মার্শ বলেন, ‘‘আমরা সবাই এখন অ্যাশেজের জন্য তৈরি হচ্ছি। কিন্তু ভারতের বিরুদ্ধে খেলা সব সময়ই আলাদা উত্তেজনা তৈরি করে। দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সম্মান দুটোই রয়েছে। এই সিরিজের সময়টা একেবারে আদর্শ। অ্যাশেজের আগে ভারতের বিরুদ্ধে খেলা মানে ম্যাচের ছন্দ ও মানসিক চাপ—দুইয়ের নিখুঁত প্রস্তুতি!”
অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোটের কারণে এই টুর্নামেন্টে থাকছেন না। তাই নেতৃত্বের দায়িত্ব সামলাবেন মার্শ। তিনি আরও বলেন, ‘‘ভারতের মতো বিশ্বের এক নম্বর দলের (World No. 1 India) বিপক্ষে খেলার সুযোগটাই বড় ব্যাপার। এই প্রতিদ্বন্দ্বিতার তীব্রতাই আমাদের মানসিকভাবে তৈরি করে দেবে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সিরিজের জন্য!”
ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট থেকে অবসর নেওয়ার পর এটাই তাঁদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে শুভমান গিল (Shubman Gill) থাকছেন অধিনায়ক হিসেবে, সহ–অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
অস্ট্রেলিয়ার স্কোয়াডে মার্শের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc), ট্র্যাভিস হেড (Travis Head), ক্যামেরন গ্রিন (Cameron Green), জস হেজলউডের (Josh Hazlewood) মতো তারকা—সবাইকে নিয়ে কার্যত পূর্ণ শক্তিতে নামছে অজি ব্রিগেড। যদিও মার্শের মতে, “ভারতের বিপক্ষে খেলার চাপটা আলাদা। তার মধ্যেই যদি পরিকল্পনা ও স্থিরতা বজায় রাখা যায়, তাহলে অ্যাশেজে সফল হওয়া অনেক সহজ!”
ভারতের বর্তমান ফর্মও এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোহিত-কোহলি-গিলদের এই দলকে হারানো মানেই আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি। ফলে মার্শের ভাবনা পরিষ্কার—অস্ট্রেলিয়ার জন্য এ এক ‘মেন্টাল অ্যাশেজ ক্যাম্প’। অর্থাৎ, সাদা বলে খেলা হলেও সিরিজটার ছায়া পড়ে যাচ্ছে লাল বলের লড়াইয়েও। কারণ, প্রতিপক্ষ ভারত। যে দলের বিরুদ্ধে খেলা মানেই আসল পরীক্ষা—দক্ষতা, ধৈর্য আর মানসিক শক্তির। আর সেই পরীক্ষার মঞ্চেই তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাশেজ প্রস্তুতির খসড়া।