কেউ যদি ৯০ রান এবং অন্যজন ৮৫ রানে অপরাজিত থাকে, তাহলে কি তাঁদের সেঞ্চুরি প্রাপ্য নয়? ইংল্যান্ডের খেলোয়াড়রা যদি এমন অর্জনের কাছাকাছি থাকত, তাহলে কি তারা ড্র করার সিদ্ধান্ত নিত? না। আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি।

গৌতম গম্ভীর
শেষ আপডেট: 28 July 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় ম্যাঞ্চেস্টারে বেন স্টোকস (Ben Stokes) ও তাঁর দলবল যা করল, তা নিয়ে ক্রিকেট-বিশ্বে হাসির রোল পড়ে গিয়েছে। এমনকি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররাও স্টোকসের এই আচরণ মেনে নিতে পারছেন না।
আসলে ইংল্যান্ড-ভারত চলতি সিরিজের চতুর্থ টেস্টের (England vs India Fourth Test) চতুর্থ দিন শেষে টিম ইন্ডিয়ার পরাজয় কেবলমাত্র সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। প্রশ্নটা ছিল ইনিংসে ইংল্যান্ড জিততে পারবে কি না। কিন্তু পঞ্চম দিন সকাল থেকেই প্রত্যাঘাত শুরু করেন ভারত অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। এরপর রাহুল নড়বড়ে নব্বইয়ের ঘরে আউট হলেও সেঞ্চুরি হাঁকান গিল। কিন্তু এই দুই উইকেট পড়ে যাওয়ার পর ইংল্যান্ড শিবির মোটামুটি নিশ্চিত হয়ে যায় জয় অনিবার্য। কারণ ঋষভ পন্থের চোট রয়েছে। সেই অর্থে প্রথম সারির ব্যাটার আর কেউ নেই।
কিন্তু রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের মাথায় অন্য কিছু ঘুরছিল। অনবদ্য ব্যাটিং করে হারা ম্যাচ ড্র করে দেয় জাদেজা-সুন্দর জুটি।
এই দুই জনের উইকেট পড়ছে না দেখে অধৈর্য হয়ে পড়ে ইংল্যান্ড। ম্যাচ শেষ হওয়ার কিছুটা আগেই রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে ড্রয়ের প্রস্তাব দিয়ে করমর্দনের জন্য এগিয়ে আসেন বেন স্টোকস ও ইংল্যান্ড দলের অন্য ক্রিকেটাররা। তবে সঙ্গে সঙ্গেই সেই আবেদন প্রত্যাখ্যান করে দেন জাদেজা এবং সুন্দর। দু’জনেই তখন শতকের দোরগোড়ায়। এতে হতাশ হয়ে ইংল্যান্ডের খেলোয়াড়রা মাঠের মাঝখানে দাঁড়িয়ে জাড্ডু ও সুন্দরকে তীব্র স্লেজিং শুরু করেন।
এরপর জাদেজা এবং সুন্দর উভয়ই সেঞ্চুরি করেন এবং চতুর্থ টেস্ট অমিমাংসিত ভাবে শেষ হয়। এই দুই ভারতীয় ক্রিকেটারের সেঞ্চুরি আটকাতে চেয়ে স্টোকস ব্রিগেড যেটা করল তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
Scored a hundred, saved the Test, farmed ♾ aura! 💁♂#RavindraJadeja didn't hesitate, till the end 👀#ENGvIND 👉 5th TEST | Starts THU, 31st July, 2:30 PM | Streaming on JioHotstar! pic.twitter.com/cc3INlS07P
— Star Sports (@StarSportsIndia) July 27, 2025
ইংল্যান্ড ক্রিকেটারদের এ হেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। জাদেজা ও সুন্দরের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি ইংল্যান্ড দলের সমালোচনা করেছেন। গম্ভীর প্রশ্ন তুলেছেন, যদি একই পরিস্থিতিতে ইংল্যান্ডের কোনও খেলোয়াড় থাকতেন, তাহলে কি তাঁরা তখন ম্যাচটি ড্রতে শেষ করত?
টেস্ট ম্যাচে একটি বিধান রয়েছে, যদি উভয় অধিনায়ক মনে করেন যে ম্যাচে ফলাফল পাওয়া অসম্ভব, তাহলে তাঁরা হাত মিলিয়ে ড্র করার জন্য রাজি হতে পারেন। সোমবার স্টোকস যখন প্রস্তাব দেন তখন জাদেজা এবং সুন্দর যথাক্রমে ৮৯ এবং ৮০ রানে ব্যাট করছিলেন। এই দুই ব্যাটারই সেঞ্চুরির কাছাকাছি থাকায় ব্যাটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এক ব্রিটিশ সাংবাদিক গম্ভীরকে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে ভারতের প্রধান কোচ বলেন, “কেউ যদি ৯০ রান এবং অন্যজন ৮৫ রানে অপরাজিত থাকে, তাহলে কি তাঁদের সেঞ্চুরি প্রাপ্য নয়? ইংল্যান্ডের খেলোয়াড়রা যদি এমন অর্জনের কাছাকাছি থাকত, তাহলে কি তারা ড্র করার সিদ্ধান্ত নিত? না। আমাদের ছেলেরা কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে। তারা সেই সেঞ্চুরি অর্জন করেছে। আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি।”
ভারতীয় অধিনায়ক শুভমান গিলও বেন স্টোকসের খেলা তাড়াতাড়ি শেষ করার প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরি পূর্ণ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিল বলেন, “অবশ্যই এটি ক্রিজে থাকা ব্যাটারদের উপর নির্ভর করে। ওরা দুর্দান্ত ব্যাটিং করছিল এবং সেই সময় দু’জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিল, তাই আমাদের মনে হয়েছে, তাঁরা সেঞ্চুরির যোগ্য।”