আমি বিশ্বাস করি, দল কোচের নয়, অধিনায়কের হওয়া উচিত। কোচের ভূমিকা হল অধিনায়ককে সমর্থন করা।

রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা
শেষ আপডেট: 22 August 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: ‘রা-রো’ জুটিতে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) বেশ কিছু সাফল্যের মুখ দেখেছে। বিরাট কোহলি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জাতীয় কোচ থাকাকালীন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হন রোহিত শর্মা (Rohit Sharma)। এই দু’জনের যুগলবন্দিতে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। রোহিত-রাহুল সম্পর্কও ছিল মসৃণ।
এবার ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় রোহিত শর্মার অধিনায়কত্ব সম্পর্কে কিছু কথা শেয়ার করেছেন। ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ বলে পরিচিত দ্রাবিড় বলেছেন, রোহিত কেবল একজন কুশলী অধিনায়কই ছিলেন না, বরং এমন একজন নেতাও ছিলেন, যিনি সর্বদা দলকে অগ্রাধিকার দিতেন। পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন কোচ বলেন, খেলোয়াড়দের প্রতি গভীর যত্নশীল ছিলেন রোহিত।
রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শোতে দ্রাবিড় তাঁর মেয়াদের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি শেয়ার করেছেন। তিনি বলেন, রোহিত প্রথম দিন থেকেই দলকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে সম্পর্কে খুব স্পষ্ট ছিলেন।
দ্রাবিড় বলেন, “আমি সবসময় অনুভব করেছি যে, রোহিত দলের জন্য গভীরভাবে চিন্তা করে। প্রথম দিন থেকেই পরিবেশ কেমন হওয়া উচিত এবং দলকে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত সে সম্পর্কে ওর স্পষ্ট ধারণা ছিল।” দ্রাবিড়ের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, রোহিত কেবল অধিনায়কত্বই করতেন না, বরং দলের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে সংযোগ স্থাপন করে এমন একটি পরিবেশ তৈরিতে বিশ্বাস করতেন যেখানে প্রত্যেকেই নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেন।
সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় অধিনায়ক এবং কোচের মধ্যে সম্পর্কের উপরও আলোকপাত করেছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, দল কোচের নয়, অধিনায়কের হওয়া উচিত। কোচের ভূমিকা হল অধিনায়ককে সমর্থন করা। রোহিতের সঙ্গে কাজ করার স্বাচ্ছন্দ্য ছিল। ও দিকনির্দেশ নির্ধারণ করত এবং আমি সমর্থন করতাম।” দ্রাবিড়ের মতে, রোহিতের স্পষ্ট দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত নেওয়া সহজ করে তুলেছিল। দল নির্বাচন হোক বা কৌশল নির্ধারণ, প্রাক্তন কোচ বলেছেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক সর্বদা স্বচ্ছ ছিল।
সেই সঙ্গে দ্রাবিড় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর তিনি কোচের পদ ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু রোহিত শর্মা তাঁকে থাকতে রাজি করান। দ্রাবিড় বলেন, “ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়াটা বেদনাদায়ক ছিল, কিন্তু রোহিত আমাকে বুঝিয়েছিল, আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত। ওর কথা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।”
এরপর রোহিত-দ্রাবিড় জুটিতে ২০২৪ সালে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১১ বছরের আইসিসি ট্রফি খরার অবসান ঘটায়। এই জয় রোহিত এবং দ্রাবিড় উভয়ের কেরিয়ারে একটি বড় অর্জন হয়ে ওঠে।
দ্রাবিড় আরও বলেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্ক কেবল পেশাদার স্তরেই সীমাবদ্ধ ছিল না। অনেক সময় তাঁরা দু’জনেই ক্রিকেট ছাড়া অন্য বিষয় নিয়েও কথা বলতেন, এমনকি মাঠের বাইরেও। এই ব্যক্তিগত বন্ধন দলের পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি বলেন, “রোহিতের সঙ্গে কথা বলা সবসময়ই উপভোগ্য ছিল। ক্রিকেট ছাড়াও আমরা অনেক বিষয়ে আলোচনা করতাম। এর ফলে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।”