আজ সকালে ঘুম থেকে ওঠার পর সিরাজের সামনে লক্ষ্যটা খুব সাফ ছিল। যদি সম্মান ফিরে পেতে চাও, সমালোচনার জবাব দিতে চাও, লর্ডসের সন্তাপ ভুলতে চাও, তাহলে ইংল্যান্ডের চার উইকেট তুলে নাও।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 4 August 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: আজকের সকালটা মহম্মদ সিরাজের জন্য অন্যরকম ছিল। কালই হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়েছিলেন। বাউন্ডারি লাইনের ধারে। সমালোচকদের অনেকেই বলতে থাকেন, ওই মিস ক্যাচই শেষমেশ ভারতকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। উনিশ রানের মাথায় জীবন ফিরে পেয়ে বাইশ গজে ব্রুক রীতিমতো তাণ্ডব চালান। শতরান হাঁকান ওয়ান ডে-র স্টাইলে। শেষমেশ ১১১ রানে ক্ষান্ত হন!
আজ সকালে ঘুম থেকে ওঠার পর সিরাজের সামনে লক্ষ্যটা খুব সাফ ছিল। যদি সম্মান ফিরে পেতে চাও, সমালোচনার জবাব দিতে চাও, লর্ডসের সন্তাপ ভুলতে চাও, তাহলে ইংল্যান্ডের চার উইকেট তুলে নাও। দলকে জেতাও। সিরিজে সমতা ফেরাও। তাহলে খলনায়ক নয়, পাবে নায়কের সম্মান!
যন্ত্রণা ভুলতে লোকে অনেক কিছু করে। কেউ ধ্যান, কেউ নিজেকে সম্পূর্ণ নিরালায় সরিয়ে নেয়।
মহম্মদ সিরাজ এসবের রাস্তায় হাঁটেননি। তিনি গুগল থেকে একটি ছবি ডাউনলোড করেন। যেখানে লেখা ‘বিলিভ’! বিশ্বাস রাখো। নিজের উপর, নিজের দক্ষতার উপর। তাই ক্যাচ মিস করে গুটিয়ে না গিয়ে পঞ্চম দিনে পরিচিত আগ্রাসী মেজাজে ধরা দেন। চার উইকেটের তিনটিই তাঁর ঝুলিতে। দ্বিতীয় ইনিংসে সাকুল্যে পাঁচটি। আর এরই সুবাদে জয় ছিনিয়ে নিল ভারত! ‘অঘটন আজও ঘটে’—সত্যি প্রমাণ করল টিম ইন্ডিয়া!
টেস্টের পালা চুকে যেতেই দীনেশ কার্তিককে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বোঝালাম: আমি পারব! তখনই আমি গুগল থেকে একটি ছবি ডাউনলোড করি। যেখানে লেখা: ‘বিলিভ’!’
শুধু নিজেকে না। তামাম অনুরাগী, সমর্থকদের বিশ্বাস ধরে রাখার মন্ত্র শেখালেন সিরাজ। লর্ডসে ভাগ্যের ফেরে উইকেটের বেল মাটিতে গড়িয়ে পরার পর সর্বস্ব-হারানো চোখে তাকিয়ে থাকা চাহনি আজ খুশিতে ঝলমল করছে।