২৪ বছরের বর্ণময় কেরিয়ারে যা গড়েছেন, তা অতুলনীয়। কিন্তু শেষ অধ্যায়ের এই অজানা গল্প—ক্রিকেটের অন্যতম বড় তারকারও বিদায়বেলা যে কতটা জটিল ছিল, সেটাই মনে করিয়ে দেয়।

সচিন তেন্ডুলকর
শেষ আপডেট: 12 March 2026 12:12
দ্য ওয়াল ব্যুরো: অবসরের এক বছর আগেই বিসিসিআই তাঁর বদলি খুঁজছিল। জানতে পেরে রীতিমতো চমকে যান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। চাঞ্চল্যকর এই তথ্য এবার ফাঁস করলেন সেই সময় বিসিসিআইয়ের (BCCI) প্রধান নির্বাচক সন্দীপ পাটিল (Sandeep Patil)। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে এই অজানা গল্প আপাতত জোর চর্চায়।
‘তোমার বদলি খোঁজা হচ্ছে’
২০১২ সাল। সে বছর ৯ টেস্টে সচিনের গড় মাত্র ২৩.৮০, একটিও শতরান নেই। ওডিআইয়েও ছবিটা একই—১০ ম্যাচে গড় ৩১.৫০। ফর্ম তলানিতে। এমন পরিস্থিতিতে প্রধান নির্বাচক হিসেবে সচিনের মুখোমুখি হন পাটিল। সরাসরি জিজ্ঞেস করেন, ‘তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী?’ স্পষ্ট জবাবের বদলে সন্দেহের সুরে সচিন পালটা প্রশ্ন করেন, ‘কেন?’ পাটিল তখন রাখঢাক না করেই জানিয়ে দেন, নির্বাচন কমিটি তাঁর বদলি খুঁজছে। কথাটা কানে যেতেই থমকে যান লিটল মাস্টার। কিছুক্ষণ সময় নেন। তারপর ফোন, ‘সত্যি বলছেন?’ পাটিলের উত্তর, ‘হ্যাঁ!’ সম্প্রতি ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান এই অকথিত ও অজানা খবর সামনে এনেছেন।
নির্বাচকরা জোর করতে পারেন না
তবে গল্পের শেষটা বেশ অন্যরকম। পাটিলের বক্তব্য, নির্বাচকদের হাতে কোনও খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করার অধিকার নেই। বড়জোর দল থেকে বাদ দিতে পারেন। অফ ফর্মে থাকা সচিন সে সময় জানিয়েছিলেন, তিনি খেলতে চান। নির্বাচন কমিটি তাতে বাধা দেয়নি, সর্বোচ্চ স্তর থেকে সম্মতি আসে।
মরশুম ঘুরতেই সচিন নিজে পাটিলকে জানিয়েছিলেন অবসরের সিদ্ধান্তের কথা। ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনে ২০১৩ সালের নভেম্বরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের দর্শকদের সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন।
‘শুধু মনে রাখল সচিনকে বাদ দিয়েছি’
নির্বাচক প্রধান হিসেবে পাটিলের আক্ষেপ যদিও অন্য জায়গায়। তাঁর আমলে ভারতীয় দলে এসেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অজিঙ্ক রাহানে, মহম্মদ সামিদের মতো প্রতিভা। কিন্তু সেই কথা কেউ মনে রাখেনি। সবাই তাঁকে সচিন-বিদায়ের ভিলেন হিসেবেই দেগে দিয়েছে। সন্দীপের কথায়, ‘সমর্থকদের রাগ হয়েছিল, বুঝি। সচিন তেন্ডুলকর বলে কথা! কিন্তু সামি এল, বুমরাহ এল, অশ্বিন-জাদেজা-রাহানে এল। কেউ সেই নির্বাচনের কথা বলে না। শুধু মনে রেখেছে— আমরা সচিনকে বাদ দিয়েছিলাম!’
টেস্ট ও ওডিআই মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক ‘মাস্টার ব্লাস্টার’। ২৪ বছরের বর্ণময় কেরিয়ারে যা গড়েছেন, তা অতুলনীয়। কিন্তু শেষ অধ্যায়ের এই অজানা গল্প—ক্রিকেটের অন্যতম বড় তারকারও বিদায়বেলা যে কতটা জটিল ছিল, সেটাই মনে করিয়ে দেয়।