এশিয়া কাপে দুবাইয়ের মরুশহরে ঝড় তুলবে ভারত ও পাকিস্তান। তার আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রউফ বোঝাতে চাইলেন—পাকিস্তানের ড্রেসিংরুম আত্মবিশ্বাসে ভরপুর।

হ্যারিস রউফ
শেষ আপডেট: 26 August 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান লড়াই (India vs Pakistan) মানেই টানটান লড়াই, হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। কে কাকে হারাবে, সেটা আগাম বলা মুশকিল। সামনের মাসেই যুযুধান দুই দেশ। মঞ্চ: এশিয়া কাপ (Asia Cup)। ফর্ম্যাট: টি-২০। কিন্তু সেই দ্বৈরথ শুরু হওয়ার আগেই আগুন ঝরল হ্যারিস রউফের (Haris Rauf) গলায়। পাকিস্তানি পেসার জোর গলায় দাবি জানালেন, টুর্নামেন্টে গ্রুপ স্তর ও নক আউট মিলিয়ে ভারতীয় দল (Team India) যদি সামনে পড়ে, তাহলে দু’বারই তাদের পরাস্ত করবেন।
এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ভারত প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখ, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। তারপর ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গ্রুপ পর্ব পেরোলে ২১ সেপ্টেম্বর সুপার ফোরে ফের হতে পারে ভারত-পাক সংঘাত। এমনকি দু’দল ফাইনালে উঠলে ২৮ সেপ্টেম্বর তৃতীয়বারের জন্য দেখা হওয়ার জোরালো সম্ভাবনা। সব মিলিয়ে এশিয়া কাপ বারকয়েক ভারত-পাক যুদ্ধে সরগরম হওয়ার মঞ্চ প্রস্তুত।
ঠিক তার আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছোট্ট ভিডিও। সেখানে এক সমর্থক রউফকে মনে করিয়ে দেন—ভারতের বিরুদ্ধে সামনেই দুটো ম্যাচ। জবাবে রউফ বলেন, ‘দুটোই আমাদের, ইনশাল্লাহ!’
রউফ মুখে যাই দাবি করুন না কেন, পরিসংখ্যানের পাল্লা কিন্তু ভারতের দিকেই ভারী। এতদিনে টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১৩ বার। তার মধ্যে ১০ বার জয়ী হয়েছে ভারত। পাকিস্তানের শেষ সাফল্য এসেছে এশিয়া কাপে, ২০২২ সালে। পাঁচ উইকেটে সেবার লড়াই জিতে নেয় পাক ব্রিগেডে।
আসন্ন লড়াইকে ঘিরে শুধু ক্রিকেটীয় উত্তেজনাই নয়, রাজনৈতিক টানাপোড়েনও তুঙ্গে। পহেলগামের দুঃস্বপ্ন এখনও তাজা। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চর্চা নিরন্তর লেগেই রয়েছে। দেশের বড় অংশের মানুষ প্রশ্ন তুলেছেন—এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলতেই-বা হবে কেন? চাপে পড়ে কেন্দ্রীয় সরকারও দ্ব্যর্থহীন বার্তা দিয়েছে—দ্বিপাক্ষিক সিরিজের প্রশ্ন নেই। তবে বহুদেশীয় প্রতিযোগিতায় একান্ত বাধ্য হয়ে নামতে হচ্ছে, কারণ আন্তর্জাতিক সংস্থার নিয়মে সেখান থেকে সরে দাঁড়ানো চলে না। তাই এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে মুখোমুখি হওয়াটা কার্যত অনিবার্য।
এমন আবহেই এশিয়া কাপে দুবাইয়ের মরুশহরে ঝড় তুলবে ভারত ও পাকিস্তান। তার আগে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রউফ বোঝাতে চাইলেন—পাকিস্তানের ড্রেসিংরুম আত্মবিশ্বাসে ভরপুর। বক্তব্যে কতটুকু দুধ আর কতখানি জল, সেটা বোঝা যাবে সামনের মাসে। তার আগে এখন শুধু দিনগোনার পালা।